মোহনা থেকে বড় একটি কুমির গোবর্ধনপুর কোস্টাল থানার সীতারামপুর গ্রামের পুকুরে ঢুকে পড়ায় আতঙ্ক ছড়ায়। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জগদ্দল নদী থেকে সীতারামপুর লঞ্চঘাট-সংলগ্ন উত্তর সীতারামপুর গ্রামে কয়েক দিন হল ১০ ফুট লম্বা একটি কুমির ঢুকে তাণ্ডব চালাচ্ছে। ধানের জমির উপর দিয়ে চলে ফসল নষ্ট করছে। সেটি সরাসরি এত দিন কারও নজরে পড়েনি। সোমবার রাতে গ্রামবাসী শঙ্কর দাসের পুকুরে কুমিরটিকে ভেসে থাকতে দেখেন শম্ভু সাঁই নামে গ্রামের এক বাসিন্দা। মৎস্যজীবী সংগঠনের নেতা তথা ওই গ্রামের বাসিন্দা নারায়ণ দাস বলেন, ‘‘রেঞ্জার অফিসে খবর দেওয়া হয়। প্রায় ২৪ ঘণ্টা পুলিশ এবং গ্রামবাসী কুমিরটিকে পাহারা দেয়।’’ মঙ্গলবার সন্ধ্যায় ওই পুকুর জাল দিয়ে ঘিরে উদ্ধার কাজ শুরু করেছেন বন দফতরের কর্মীরা। রাত পর্যন্ত কুমিরটিকে উদ্ধার করা যায়নি।