উত্তর ২৪ পরগনার সীমান্তে সর্বত্র এখনও কাঁটাতার বসেনি। অপর দিকেই বাংলাদেশের যশোহর, খুলনা ও সাতক্ষীরা জেলা। দুই দেশের এই সীমান্ত-পথে মাদক থেকে শুরু করে গরু, নারী-সহ নানা পাচার চলছে দীর্ঘদিন ধরেই। এমনকী, সীমান্ত পেরিয়ে দুষ্কৃতীরা উত্তর ২৪ পরগনায় ঢুকে খুন, ডাকাতি-সহ নানা অপরাধ ঘটিয়ে যে ফের বাংলাদেশে পালায় সে তথ্যও পুলিশের কাছে রয়েছে। এই সব সমস্যা নিয়ে আলোচনা করতে শনিবার তিন দিনের সফরে বাংলাদেশ গেলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক (ডিএম) মনমীত নন্দা এবং পুলিশ সুপার (এসপি) তন্ময় রায়চৌধুরী। এ দিন পেট্রাপোল সীমান্ত দিয়ে জেলাশাসক এবং পুলিশ সুপার বাংলাদেশের বেনাপোলে যান। নো-ম্যানস্ ল্যান্ডে তাঁদের স্বাগত জানান যশোহরের অতিরিক্ত জেলা কালেক্টর মহম্মদ সোহেল হাসান। জেলাশাসক বলেন, ‘‘বাংলাদেশের তিনটি জেলার প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে সীমান্তের যৌথ সমস্যাগুলি নিয়ে আলোচনা করব। তার মধ্যে নারী পাচার, পেট্রাপোল বন্দরের নিরাপত্তা, চোরাচালান-সহ নানা বিষয় থাকবে।’’ তন্ময়বাবু বলেন,‘‘ দু’দেশের জেলা প্রশাসনের মধ্যে সুসম্পর্ক বাড়ানো এবং কাজের সমঝোতা বাড়ানো আমাদের সফরের লক্ষ্য।’’ মহম্মদ সোহেলও জানিয়েছেন, দু’দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করে সীমান্ত সমস্যা মেটানো তাঁদের উদ্দেশ্য। কয়েক মাস আগে বাংলাদেশের প্রশাসনিক ও পুলিশ কর্তারাও উত্তর ২৪ পরগনায় এসে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে ওই বিষয়ে এক দফা আলোচনা করে গিয়েছিলেন।