ছোট গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক চিকিৎসকের। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার রাজবেড়িয়া এলাকায় হাবরা-নৈহাটি সড়কে। পুলিশ জানিয়েছে, মৃত ওই চিকিৎসকের নাম উমাশঙ্কর মণ্ডল (৪৩)। বাড়ি বাঁশদ্রোণীতে। তাঁর আদিবাড়ি গাইঘাটার শশাডাঙা এলাকায়। চিকিৎসক হিসাবে তিনি খুবই জনপ্রিয় ছিলেন। সপ্তাহে একদিন করে শশাডাঙায় রোগী দেখতে আসতেন। বহু মানুষকে বিনামূল্যে চিকিৎসা করতেন। পুলিশ জানায়, শনিবার বিকেলে নিজেই গাড়ি চালিয়ে আওয়ালসিদ্দি থেকে অশোকনগরের দিকে আসছিলেন উমাশঙ্করবাবু। পুলিশের অনুমান, গাড়ি চালানোর সময়ে তিনি মোবাইলে কথা বলছিলেন। আচমকা সামনে থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা মারে তাঁর গাড়িটি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।