সময়ের আগেই জন্মেছিল শিশুটি। ওজন ছিল মাত্র ৭০০ গ্রাম। সেই শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন কান্দি মহকুমা হাসপাতালের চিকিৎসকরা। ৫৩ দিন বয়সে সুস্থ হয়ে বাড়ি ফিরল সেই শিশু কন্যা।
মাস দুই আগে হঠাৎই প্রসব যন্ত্রণা শুরু হয় শর্মিলা মণ্ডলের। কান্দি থানার অন্তর্গত কালীবাড়ি রোডের বাসিন্দা তিনি। কান্দি মহকুমা হাসপাতালে তাঁকে ভর্তি করে পরিবার। নির্ধারিত সময়ের আগেই সাত মাসের মাথায় শিশুকন্যার জন্ম দেন শর্মিলা।
জটিলতা থাকায় জন্মের পর থেকেই চিকিৎসা শুরু হয়। কান্দি মহকুমা হাসপাতালে নবজাতক বিভাগে তাকে পাঠানো হয়। টানা ৫৩ দিন অক্লান্ত পরিশ্রম করে শিশুটিকে বাড়ি পাঠালেন চিকিৎসকেরা। খুশি পরিবার। এসএনসিইউ বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক সন্দীপ দাস জানান, মহাকুমা হাসপাতালে পরিকাঠামো সীমিত। তার মধ্যে এ রকম একটি সঙ্কটজনক নবজাতককে সুস্থ করে বাড়ি পাঠাতে পেরে তাঁরা আনন্দিত।