Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_02-05-26

লরির নীচে শুয়ে সারাই করতে করতে অন্য লরিতে পিষে গেলেন চালক! খালাসির অবস্থাও আশঙ্কাজনক

লরি সারানোর সময় পেশায় লরিচালক ওই প্রৌঢ়কে পিষে দিয়ে গেল অন্য একটি লরি। শনিবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসির বড়দিঘি এলাকায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২২ ১৩:৫৮
লরির তলায় পিষে গিয়ে মৃত্যু চালকের।

লরির তলায় পিষে গিয়ে মৃত্যু চালকের। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক ভিন‌্‌রাজ্যের বাসিন্দার। লরি সারানোর সময় পেশায় লরিচালক ওই যুবককে পিষে দিয়ে গেল অন্য একটি লরি। শনিবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসির বড়দিঘি এলাকায়। ২ নম্বর জাতীয় সড়কের উপর লরি চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম দীপক কুমার সিংহ। বছর ৪৫-এর প্রৌঢ়ের বাড়ি বিহারের দাতরাপুর এলাকায়। পাশাপাশি ওই লরির খালাসিও গুরুতর আহত হয়েছেন এই দুর্ঘটনায়। তাঁকে ভর্তি করানো হয়েছে একটি হাসপাতালে।

শেখ সফিকুল নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘‘চাকার পাথরবোঝাই লরি রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। লরির ব্রেকে সমস্যা দেখা দেওয়ায় চালক এবং খালাসি মেরামত করছিলেন। চালক ছিলেন লরির নীচে। ওই সময়ে একটি বালিবোঝাই লরি দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই লরিটিকে পিছন থেকে ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।’’

খবর পেয়ে গলসি থানার পুলিশ যায় অকুস্থলে। দেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পাশাপাশি, জখম খালাসিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় তারা। দুর্ঘটনার পর বেশ কিছু ক্ষণ কলকাতামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা রমজান আলি, সুবল দাসদের অভিযোগ, জাতীয় সড়ক সম্প্রসারণের ফলে প্রায় প্রতি দিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। হচ্ছে প্রাণহানিও। তবু প্রশাসনের কোন হেলদোল নেই। জাতীয় সড়কের ধারে মাটি কেটে নতুন রাস্তা তৈরি করতে গিয়ে মূল রাস্তা বেশির ভাগ জায়গাতেই ছোট হয়ে গিয়েছে। ফলে দুর্ঘটনা ঘটছে।

জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু বলেন, ‘‘জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কার নির্দেশ দেওয়া আছে রাস্তার কাজ করার জন্য নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy