Advertisement
E-Paper

টুকরো খবর

বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের এ-জোনের সেকেন্ডারি শর্ট রোড এলাকায়। আহত হয়েছেন বাপ্পা চৌধুরী, অভিজিৎ মুখোপাধ্যায় ও অনিল গুপ্ত নামে বিজেপির তিন সমর্থক। তাঁদের প্রথমে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৩০

বিজেপি-র সভায় হামলার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের এ-জোনের সেকেন্ডারি শর্ট রোড এলাকায়। আহত হয়েছেন বাপ্পা চৌধুরী, অভিজিৎ মুখোপাধ্যায় ও অনিল গুপ্ত নামে বিজেপির তিন সমর্থক। তাঁদের প্রথমে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বিজেপির দুর্গাপুর সাংগঠনিক জেলা সভাপতি অখিল মণ্ডের দাবি, “২৬ জানুয়ারি ওই এলাকায় আমাদের পতাকা খুলে দেয় তৃণমূল। এ দিন তার প্রতিবাদে এলাকায় সভা করছিলাম আমরা। সেই সময় আমাদের উপর রড, লাঠি নিয়ে চড়াও হয় তৃণমূল কর্মীরা।” যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। যদিও রাত পর্যন্ত এ বিষয়ে থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।

মঙ্গলকোটে বোমা-গুলি

নিজস্ব সংবাদদাতা • মঙ্গলকোট

দু’দল সমাজবিরোধী গোষ্ঠীর সংঘর্ষ হল মঙ্গলকোটের ন’পাড়া বাস স্টপেজ এলাকায়। সোমবার বিকেলের এই ঘটনায় আতঙ্ক তৈরি হয় ওই এলাকায়। যদিও হতাহতের কোনও খবর নেই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলকোটের ঝিলু ২ পঞ্চায়েতের ন’পাড়া গ্রামের সাদ্দাম শেখের গোষ্ঠী ও মঙ্গলকোট পঞ্চায়েতের বক্সিনগরের লাল্টু শেখের গোষ্ঠীর মধ্যে এ দিন বিকেলে বোমা-গুলি নিয়ে সংঘর্ষ শুরু হয়। সাদ্দাম শেখের গোষ্ঠীর লোকজনের অভিযোগ, এ দিন সাদ্দাম যখন নতুনহাট-বর্ধমান রোডের পাশে বসেছিলেন তখন লাল্টু শেখের গোষ্ঠীর লোক তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এরপরই সংঘর্ষ শুরু হয়। যদিও পাল্টা অভিযোগ, লাল্টু শেখের ছেলে ফজাই শেখকে গুলি ছোড়ে সাদ্দাম। ছেলেকে বাঁচাতে পাল্টা প্রতিরোধ করে লাল্টুর অনুগামীরা। পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু বোমা ও কার্তুজ উদ্ধার করেছে। এলাকায় পুলিশ পিকেট রয়েছে।

পথ দুর্ঘটনায় মৃত ২

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ বর্ধমান-সিউড়ি রাজ্য সড়কে ১০৮ শিবমন্দিরের কাছে দুর্ঘটনাটি ঘটে। মৃতদের নাম দেবাশিস মণ্ডল (৩৫) ও গৌতম কুড়ি (৪৪)। বাড়ি কাঞ্চননগর তাঁতিপাড়া ও উদয়পল্লি শান্তি কলোনিতে। পুলিশ জানায়, স্কুটি ও ম্যাটাডরের সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়। পুলিশ ম্যাটাডরটি আটক করলেও চালক পলাতক।

ব্যাঙ্কে চুরি

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

ব্যাঙ্কের ভিতর থেকে কয়েক লাখ টাকা চুরি যাওয়ার অভিযোগ উঠল বর্ধমানে। ঘটনাটি ঘটেছে শহরের খোসবাগান এলাকার একটি ব্যাঙ্কে। গোলাঘাটের ধান ব্যবসায়ী দেবাশিস সামন্তের দাবি, “এ দিন সকালে ব্যাঙ্কের কাউন্টার থেকে ১ লাখ ৭৬ হাজার টাকা তুলে একটি থলিতে ভরে পাশে রেখে জরুরি নথি দেখছিলাম। তার মধ্যেই থলিটি চুরি যায়।” এই ঘটনার পর বর্ধমান থানায় লিখিত অভিযোগ করেছেন দেবাশিসবাবু। পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনার জেরে এ দিন ঘণ্টাখানেক ওই ব্যাঙ্কে কাজ বন্ধ ছিল।

ফাইনালে দেবগ্রাম

নিজস্ব সংবাদদাতা • দাঁইহাট

দাঁইহাট ফুটবল অ্যাকাডেমি পরিচালিত ফুটবল প্রতিযোগিতায় ফাইনালে উঠল উত্তর ২৪ পরগণার বারাসত দে গঙ্গা কোচিং সেন্টার ও নদিয়ার দেবগ্রাম ফুটবল অ্যাকাডেমি। দাঁইহাট স্কুল মাঠে আয়োজিত শনিবার প্রথম সেমিফাইনালে বারাসত ১-০ গোলে হাওড়ার শিবপুর স্পোর্টিং ক্লাবকে হারায়। গোলটি করেন রাজু গুরুং। রবিবার দ্বিতীয় সেমিফাইনালে ভুটান চৌধুরীর গোলে দেবগ্রাম হারিয়ে দেয় মাইকেল নগরের নেতাজি সঙ্ঘকে।

কৃতি-সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ

রানিগঞ্জের ক্যারাটে সংস্থা কেউকুসিন কানের ৬ জন সদস্যকে সংবর্ধনা দিল ওই সংস্থা। সোমবার অনুষ্ঠানটি হয় রানিগঞ্জের ক্যারাটে স্টেডিয়ামে। আয়োজক সংস্থা জানিয়েছে, ৩০ জানুয়ারি থেকে ১ ফ্রেবুয়ারি কলকাতার মনোহর পুকুরে আয়োজিত কারাটে প্রতিযোগিতার তিনটি বিভাগে তিন জন সোনা, দু’জন রুপো ও এক জন ব্রোঞ্জ পেয়েছে।

স্কুল ক্রীড়া

নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ

একটি বেসরকারি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল সোমবার রানিগঞ্জের রবিন সেন স্টেডিয়ামে। স্কুল সূত্রে জানা গিয়েছে, মোট ১৯টি ইভেন্টে ১১৫ জন পড়ুয়া যোগ দিয়েছিলেন।

brief story bard tukro
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy