দীর্ঘদিনের দাবি মেনে মঙ্গলকোট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শয্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য। বুধবার মঙ্গলকোট ব্লক তৃণমূল সভাপতি অপূর্ব চৌধুরীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো এক চিঠিতে এ কথা জানা যায়। এই খবর পাওয়ার পরে মিষ্টি বিতরণ হয় এলাকায়।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বছর দুয়েক আগে মঙ্গলকোটে মুখ্যমন্ত্রী সভা করতে এলে তাঁর কাছে এ ব্যাপারে অনুরোধ জানান ব্লক নেতৃত্ব। তারই প্রেক্ষিতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে নেতাদের দাবি। পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ মেহেবুব চৌধুরী জানান, মঙ্গলকোট ছাড়াও ভাতার ও বীরভূমের নানুর ব্লকের বেশ কিছু অংশের মানুষ এই স্বাস্থ্যকেন্দ্রের উপরে নির্ভরশীল। পরিষেবার জন্য এই স্বাস্থ্যকেন্দ্র পরপর কয়েক বছর জেলায় প্রথম স্থানও পেয়েছে। রাজ্যেও প্রশংসিত হয়েছে কেন্দ্রটি।
কিন্তু আরও ভাল পরিষেবার জন্য এখানে আরও শয্যা সংখ্যা বাড়ানো দরকার বলে অনেক দিন ধরেই দাবি উঠছিল। স্বাস্থ্যকেন্দ্রের কর্তা প্রণয় ঘোষ জানান, এখানে রোগীর বেশ চাপ রয়েছে। ১৫টি শয্যা, কিন্তু রোগী ভর্তি থাকেন ৫০ জনেরও বেশি। শয্যা বাড়লে রোগীরা আরও ভালো পরিষেবা পাবেন, দাবি তাঁর।
ব্লক তৃণমূল সভাপতি অপূর্ব চৌধুরী বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মানুষের পাশে সব সময় আছেন, তা ফের প্রমাণ হল। তিনি শয্যা বাড়ানোর ব্যাপারে কথা দিয়েছিলেন। তাঁর চিঠি পেয়ে এলাকাবাসী আপ্লুত। আমরা তাঁর কাছে কৃতজ্ঞ।’’ শীঘই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।