এলাকার ব্যস্ততম রাস্তার উপর দিয়ে চলেছে সুদৃশ্য ঘোড়ার গাড়ি। আর চারপাশে উৎসাহী মানুষের ভিড়। আসলে ঘোড়ার গাড়ির সওয়ারিরা যে সিনে জগতের মানুষ। সেখানে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী, বাংলাদেশের অভিনেত্রী জিনিয়া জ্যোৎস্না। এলাকার হাল হকিকত বুঝিয়ে দিচ্ছেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। বুধবার ধাত্রীগ্রাম উৎসবকে কেন্দ্র করে এমনই সব দৃশ্যের সাক্ষ্মী রইলেন স্থানীয় বাসিন্দারা। আর নায়িকা-দর্শন করতে গিয়ে দীর্ঘক্ষণ ধরে এসটিটিকেকে রোডের বিস্তীর্ণ এলাকা কার্যত অবরুদ্ধ হয়ে রইল। দাঁড়িয়ে পড়ে যাত্রীবাহি বাস থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিগত যানবাহনও।
ফি বছর ১২ জানুয়ারি থেকে পূর্বস্থলীর শ্রীরামপুরে বসে লোকসংস্কৃতির আসর। বুধবার থেকে শুরু হয় ধাত্রীগ্রাম উৎসব। সেখানে বসে বিভিন্ন সরকারি অনুষ্ঠানের আসর। এ বার যেমন, তথ্য ও সাংস্কৃতিক দফতরের উদ্যোগে উৎসব উপলক্ষে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দু’দিনের বর্ধমান জেলা লোকসংস্কৃতি উৎসব।
এ দিন বিকেল ৪টে নাগাদ মালতিপুর থেকে শুরু হয় উৎসবের শোভাযাত্রা। হাতের নাগালে দুই অভিনেত্রীকে দেখে এসটিকেকে রোডের দু’ধারে কাতারে কাতারে মানুষজন ভিড় জমাতে থাকেন। মোবাইলে ছবি তোলার জন্যও হুড়োহুড়ি লেগে যায় উৎসাহীদের মধ্যে। নায়িকা-দর্শনের পাশাপাশি উপরি পাওনা ছিল আদিবাসী নৃত্য, আধুনিক বাংলা গান-সহ বিভিন্ন অনুষ্ঠানও।
রাস্তা প্রায় অবরুদ্ধ হয়ে যাওয়ায় ঘণ্টা খানেক ধরে এসটিকেকে রোডে দাঁড়িয়ে পড়ে গাড়ির সারি। তৈরি হয় তীব্র যানজট। বেশ কয়েকজন নিত্যযাত্রীকে ক্ষোভ উগরে দিতে দেখা যায়। যানজটে নাকাল হওয়া মানুষের কথা পৌঁছয় মন্ত্রীর কানেও। সন্ধ্যা ছ’টা নাগাদ স্বপনবাবুকে লাউডস্পিকারে যানজট মুক্ত করার জন্য আহ্বান জানাতে শোনা যায়।