পুরভোটে মঙ্গলবার রানিগঞ্জে প্রথম প্রচারে নামলেন আসানসোলের প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরী। এ দিন তিনি ৯০ নম্বর ওয়ার্ডে দলের প্রার্থী মাগারাম বাউরির সমর্থনে মিছিলে হাঁটেন। তাঁর অভিযোগ, ‘‘মাগারাম রানিগঞ্জে বন্ধ হয়ে যাওয়া বার্নস ইউনিটের কর্মী ছিলেন। আমরা এ দিন মিছিল থেকে জানাতে চেয়েছি, বন্ধ হয়ে যাওয়া বার্নস ইউনিটের সমস্ত লোহা ও যন্ত্রপাতি কী ভাবে বিধায়ক সোহারাব আলির সাঙ্গোপাঙ্গরা খুলে বেচে দিয়েছে, তা মানুষ নিজেরা দেখেশুনে বিচার করে ভোটবাক্সে উপযুক্ত জবাব দিন।’’ তা শুনে সোহরাবের প্রতিক্রিয়া, ‘‘বংশগোপালবাবুর জানা উচিত, রানিগঞ্জের মানুষ বহু দিনই জানেন, ওই কারখানার সর্বস্ব যারা খুলে পাচার করেছে তারা সবাই ওদের হাতে গড়া।’’