Advertisement
E-Paper

২৪ ঘণ্টার মধ্যে কার্যকর শমীকের নির্দেশ! সাংগঠনিক কর্মসূচির ব‍্যানারে নেতৃত্বের ছবির বিন‍্যাস বদলে ফেলল বিজেপি

শমীক ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন, ব্যানারে শুভেন্দু অধিকারীর ছবি আগে আনার জন্য। সেই নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই দলীয় কর্মসূচির ব্যানার বদলে দিল বিজেপি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৯:৫৮
BJP changes image of party\\\\\\\'s organisational program banner after Shamik Bhattacharya\\\\\\\'s directive

বিজেপির সাংগঠনিক কর্মসূচির ব‍্যানারে ছবির বিন্যাস। ছবি: সংগৃহীত।

বিজেপির সাংগঠনিক কর্মসূচির ব‍্যানারে ছবির বিন্যাস নিয়ে আপত্তি তুলেছিলেন খোদ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। কেন তাঁর ছবি আগে, পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি, প্রশ্ন তুলেছিলেন। নির্দেশ দিয়েছিলেন, শুভেন্দুর ছবি আগে আনার জন্য। সেই নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই দলীয় কর্মসূচির ব্যানার বদলে দিল বিজেপি। প্রকাশ করা হল নতুন নকশা। সেই নকশায় আগে শুভেন্দুর, পরে শমীকের ছবি রয়েছে। সেই ব্যানারের ছবি শমীকও নিজের সমাজমাধ্যমের পেজে পোস্ট করেছেন।

বিজেপির সাংগঠনিক রীতি অনুযায়ী, যে কোনও রাজ্যেই দলীয় কর্মসূচির ব্যানারে এক পাশে থাকে দুই সর্বভারতীয় শীর্ষনেতার ছবি। প্রথমে প্রধানমন্ত্রীর ছবি, তার পরে দলের সর্বভারতীয় সভাপতির ছবি। আর ব্যানারের অন্য পাশে থাকে সংশ্লিষ্ট রাজ্যের দুই শীর্ষনেতার ছবি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এত দিন প্রথমে থাকত শমীকের ছবি, তার পরে শুভেন্দুর ছবি। শুক্রবারের সাংগঠনিক বৈঠকে শমীক নিজেই সেই বিন্যাস নিয়ে আপত্তি তোলেন বলে বিজেপি সূত্রের দাবি। এ বার থেকে দলের ব্যানারে রাজ্য নেতৃত্বের ছবি বসানোর সময়ে মুখ্যমন্ত্রী শুভেন্দুর ছবি আগে থাকবে এবং তাঁর ছবি পরে থাকবে— নির্দেশ দেন বিজেপির রাজ্য সভাপতি। শনিবারের মধ্যেই সেই নির্দেশ কার্যকর হল।

কেন শমীক এ হেন নির্দেশ দিয়েছিলেন, তা নিয়ে প্রকাশ্যে কোনও বিজেপি নেতা মন্তব্য করেননি। এমনকি, শমীকও মুখ খোলেননি। তবে রাজ্য সভাপতির ঘনিষ্ঠ মহল সূত্রের দাবি, আগে আর এখনকার পরিস্থিতি অনেক বদলেছে। আগে শমীক ছিলেন রাজ্য সভাপতি আর শুভেন্দু বিরোধী দলনেতা। তখন যে রীতিতে ব্যানারের বিজেপি নেতৃত্বের ছবি বিন্যাস থাকত, এখন তা করা যায় না বলে মনে করেন শমীক। শুভেন্দু এখন মুখ্যমন্ত্রী। এখন রাজ্যে দলের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং মুখ্যমন্ত্রীর সম্মান এখন অন্য সকলের ঊর্ধ্বে।

শুক্রবারের বৈঠকে শমীক বার্তা দিয়েছিলেন, প্রশাসনকে বা প্রশাসনিক প্রধানের মর্যাদাকে খাটো করে দেখানোর কোনও অবকাশই নেই। তাই এ বার থেকে শুভেন্দুর ছবিই আগে থাকবে, রাজ্য সভাপতির ছবি পরে। ঠিক যেমন সর্বভারতীয় নেতৃত্বের ক্ষেত্রেও প্রশাসনিক প্রধান মোদীর ছবি আগে থাকে, দলের সভাপতি নিতিনের ছবি পরে। সেই নির্দেশ শনিবার কার্যকর হল।

Samik Bhattacharya BJP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy