মহিষাদল রাজগ্রাউন্ডে আয়োজিত পুলিশি ক্রিকেট টুর্নামেন্টে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার মিতুন দের আহ্বানে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজেপি নেতা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। রবিবার বিষয়টি প্রকাশ্যে আসতেই বিজেপির অন্দরে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। বিজেপি সূত্রে খবর, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জেলা পুলিশ সুপারের ডাকে সাড়া দিয়ে বিজেপি নেতার টুর্নামেন্টে উপস্থিত হওয়াকে ভাল চোখে দেখছেন না একাংশ কর্মী-সমর্থক। তাঁদের অভিযোগ, রাজনৈতিক পরিস্থিতি যখন তীব্র, তখন এমন সৌজন্য সাক্ষাৎ বিভ্রান্তিকর বার্তা দিতে পারে।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিশ্বনাথ মহিষাদল কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন। তিনি অল্প ভোটের ব্যবধানে তৃণমূল প্রার্থী তিলক চক্রবর্তীর কাছে পরাজিত হন। যদিও বিজেপি নেতা বিশ্বনাথের ঘনিষ্ঠ মহলের দাবি, এটি সম্পূর্ণ অরাজনৈতিক একটি ক্রীড়া অনুষ্ঠান ছিল এবং সৌজন্য রক্ষার অংশ হিসেবেই তিনি সেখানে যান। তবে ঘটনাকে ঘিরে জেলা রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি প্রলয় পাল বলেন, “কে কোথায় গেল তা নিয়ে আমাদের কিছু এসে যায় না। ভারতীয় জনতা পার্টি জাতীয়তাবাদী কর্মীরা আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ বাঁচানোর জন্য লড়াই করবেন। সেই লড়াইয়ে কারো কোনও অনুষ্ঠানে যাওয়ায় প্রভাব পড়বে না।”
আরও পড়ুন:
শনিবার সিপিএম নেতা প্রতীক-উর- রহমান দলবদল করে তৃণমূলে নাম লিখিয়েছে। বিধানসভা ভোটের আগে তার দলবদল রাজ্য রাজনীতিতে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এ ছাড়া কত সপ্তাহে পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভার বিজেপি নেতা চন্দন মন্ডল তৃণমূলে যোগদান করেছেন। যদিও, ময়নার প্রাক্তন তৃণমূল বিধায়ক সংগ্রাম দলুইকে দলে যোগদান করিয়ে পাল্টা চাল দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই আবহে আরও এক বিজেপি নেতা পুলিশ সুপারের ডাকে সাড়া দিয়ে বিতর্ক তৈরি করলেন।