প্রয়াত প্রবীণ চিকিৎসক মণিকুমার ছেত্রী। বয়স হয়েছিল ১০৬ বছর। রবিবার বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর প্রয়াণে গভীর শোকাহত চিকিৎসকমহল।
১৯২০ সালের ২৩ মে দার্জিলিঙে মণিকুমারের জন্ম। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস, এমডি ও এমআরসিপি ডিগ্রি অর্জন করেন তিনি। তাঁর মেধা, ক্লিনিক্যাল প্রজ্ঞা ও মানবিক বোধ তাঁকে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। এক সময় তিনি প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর চিকিৎসক ছিলেন।
সামলেছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার পদও। এসএসকেএম হাসপাতালে সার্জেন-সুপারিনটেনডেন্ট পদে ছিলেন। আইপিজিএমইআরে কার্ডিওলজি ও মেডিসিন বিভাগের প্রফেসর-ডিরেক্টর হিসাবেও দায়িত্ব সামলেছেন। পরে একটি বেসরকারি হাসপাতালের সঙ্গেও যুক্ত ছিলেন। ১৯৭৪ সালে পদ্মশ্রী পান। চিকিৎসকমহলে তাঁর খ্যাতি ছিল। তাঁর হাতে গড়ে উঠেছে অসংখ্য প্রতিষ্ঠান, সমৃদ্ধ হয়েছে চিকিৎসা-পরিসর। উপকৃত হয়েছেন অগণিত মানুষ।
আরও পড়ুন:
আমরি হাসপাতালে অগ্নিকাণ্ডে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। ওই হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর পদে ছিলেন তিনি। পরে অবশ্য আদালত তাঁকে অভিযোগ থেকে মুক্তি দেয়।
মণিকুমারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম। সোমবার তাদের পক্ষ থেকে প্রয়াত চিকিৎসককে শ্রদ্ধা জানানো হবে।