Advertisement
E-Paper

পাচু রায়ের বয়ানকে হাতিয়ার করে এ বার সুজিত বসুর বিরুদ্ধে সক্রিয় হল ইডি! জেল হেফাজতে প্রাক্তন মন্ত্রী

এই মুহূর্তে সুজিত বসু যাতে জামিন না-পান সেই আবেদন করে ইডি আদালতে জানিয়েছে যে, প্রাক্তন মন্ত্রী বাইরে বেরোলে তথ্যপ্রমাণ নষ্ট করতে পারেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ২০:১০
ED to plea for custody of former West Bengal minister Sujit Bose before court in Municipal Recruitment case

(বাঁ দিকে) পাচু রায়, সুজিত বসু (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পুরনিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী তথা তৃণমূল নেতা সুজিত বসুকে ১৪ দিনের জন্য হেফাজতে চেয়ে আদালতের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আর তা করতে গিয়ে হাতিয়ার করা হল দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল নেতা পাচু রায়ের বয়ানকে! আদালত বৃহস্পতিবার আগামী ৪ জুন পর্যন্ত সুজিতকে বিচারবিভাগীয় (জেল) হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার ইডি আদালতে জানায়, দক্ষিণ দমদম পুরসভার তৎকালীন চেয়ারম্যান পাচু বয়ান দিয়েছেন যে পুরসভায় নিয়োগে বাইরের সংস্থাকে দায়িত্ব দেওয়ায় (আউটসোর্সিং করায়) তাঁর আপত্তি ছিল। এতে নিয়োগে স্বচ্ছতা থাকবে না বলেও মনে হয়েছিল তাঁর। কিন্তু সুজিত এবং সুজিত-অনুগামী কাউন্সিলরেরা বাইরের সংস্থাকে সেই দায়িত্ব দেওয়ার পক্ষে ছিলেন।

ইডির দাবি, এই মামলায় গুরুত্বপূর্ণ এক জনের বয়ান তারা নথিভুক্ত করতে চেয়ে সমন পাঠালেও তিনি হাজির হননি। তবে ওই ব্যক্তি জানিয়েছেন তিনি এখন চিকিৎসার জন‍্য ভিন্‌রাজ‍্যে রয়েছেন। রাজ‍্যে ফিরে তিনি হাজিরা দেবেন। তার পরে ইডি সুজিতকে আবার হেফাজতে নেওয়ার আবেদন করতে পারে বলে জানিয়েছে আদালতকে। এই মুহূর্তে সুজিত যাতে জামিন না-পান সেই আবেদন করে তারা আদালতে জানিয়েছে যে, , প্রাক্তন মন্ত্রী তথ্যপ্রমাণ নষ্ট করতে পারেন। এ ছাড়া প্রাক্তন মন্ত্রী তদন্তেও পুরোপুরি সহযোগিতা করেননি বলে ইডির অভিযোগ।

প্রসঙ্গত, দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে গত ১১ মে সুজিতকে গ্রেফতার করেছিল ইডি। তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে, নিয়ম বহির্ভূত ভাবে নিয়োগের ওই তালিকায় প্রায় ১৫০ জন চাকরিপ্রার্থীর নাম রয়েছে। তাঁদের নাম সুপারিশ করার বিনিময়ে সুজিত অন্যায্য সুবিধা নিয়েছিলেন বলেও ইডি সূত্রে দাবি করা হয়েছে। এই মামলার তদন্তে গত সোমবার দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচুকে ডেকে পাঠানো হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে। সেখানেই তিনি বয়ান নথিভুক্ত করেছিলেন।

Municipal Recruitment Case Sujit Bose ED
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy