E-Paper

কবির জন্মদিনে বেহাল চুরুলিয়ার অ্যাকাডেমি, প্রদর্শনী

চুরুলিয়ায় যে মাটির বাড়িতে কবি জন্মেছিলেন, তা ভেঙে ফেলা হয় ১৯৫৬ সালে। নজরুল চর্চার প্রসারে গড়া হয় নজরুল সাংস্কৃতিক সমিতি। তাদের উদ্যোগে ১৯৫৮-এর ১২ এপ্রিল সেখানেই নির্মিত হয় নজরুল অ্যাকাডেমি ভবন।

মেহবুব কাদের চৌধুরী

শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ০৭:০৮
। প্রদর্শশালার ভগ্ন ফলক।

। প্রদর্শশালার ভগ্ন ফলক। — নিজস্ব চিত্র।

মঙ্গলবার ছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। তাঁর জন্মভূমি পশ্চিম বর্ধমানের চুরুলিয়ার উৎসবের ছবিটায় এ বার আমূল বদল ঘটে গিয়েছে।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নজরুল মেলায় ফি-বছর সমৃদ্ধ থাকে চুরুলিয়া। কিন্তু এ বছর কবির জন্মভূমিতে এসে হতাশায় ফিরে যাচ্ছেন নজরুলপ্রেমীরা। নজরুলের জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে প্রদর্শশালা বন্ধ। পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে তিন তলা নজরুল অ্যাকাডেমি। দু’টি ভবনের নতুন করে সংস্কারের দায়িত্ব নিয়েছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। কবে প্রদর্শশালা চালু হবে এবং নজরুল অ্যাকাডেমি ভেঙে নতুন করে কী রূপ দেওয়া হবে, সে বিষয়ে এলাকাবাসী থেকে নজরুলপ্রেমীরা পুরোপুরি অন্ধকারে।

চুরুলিয়ায় যে মাটির বাড়িতে কবি জন্মেছিলেন, তা ভেঙে ফেলা হয় ১৯৫৬ সালে। নজরুল চর্চার প্রসারে গড়া হয় নজরুল সাংস্কৃতিক সমিতি। তাদের উদ্যোগে ১৯৫৮-এর ১২ এপ্রিল সেখানেই নির্মিত হয় নজরুল অ্যাকাডেমি ভবন। দীর্ঘ দিন ধরে স্থানীয়রাই ওই অ্যাকাডেমি পরিচালনার দায়িত্বে ছিলেন। বছর কয়েক আগে ওই অ্যাকাডেমি অধিগ্রহণ-সহ মেলা পরিচালনার দায়িত্ব নেন আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, ভেঙে ফেলা নজরুল অ্যাকাডেমির জায়গায় কবি পরিবারের খড়ের চালের আদি বাড়িটির আদল ফিরিয়ে দেওয়া হবে। নতুন রূপ পাবে অ্যাকাডেমি লাগোয়া প্রদর্শশালাও। পর্যটন দফতর ও রাজ্য হেরিটেজ কমিশনের উদ্যোগে এই কর্মকাণ্ডের জন্য কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রায় আড়াই কোটি টাকা দিয়েছিল তৃণমূল সরকার।

কিন্তু বছর ঘুরলেও সেই কাজ কার্যত বিশ বাঁও জলে। নজরুলের জন্মদিনের আবহে এখনও নজরুল অ্যাকাডেমি ভেঙে ফাঁকা মাঠ হয়ে পড়ে রয়েছে। পাশের প্রদর্শশালাও বন্ধ। এ সব কবে চালু হবে?’’ চুরুলিয়ার বাসিন্দা কবি কাজী আখতার হোসেনের খেদ বলেন, ‘‘পাঁচ দিন ধরে মেলা চলবে। অথচ দূর-দুরান্ত থেকে আসা নজরুলপ্রেমীরা কবির সৃষ্টিকর্ম নিয়ে প্রদর্শশালা দেখতে পাচ্ছেন না। কত জন অ্যাকাডেমি ভবনে ঢুকে কবির স্মৃতির উত্তাপ পেতেন। প্রদর্শশালা ঘুরে দেখতেন। এ বছর তাঁরা সব-কিছু থেকে বঞ্চিত থাকলেন। কবে এ কাজ শেষ হবে কে জানে।’’ বিদ্রোহী কবির জীবন ও সৃষ্টি নিয়ে প্রদর্শশালাটির উদ্বোধন হয়েছিল ১৯৮০ সালে। শিল্পী বিজন চৌধুরী এটির উদ্বোধন করেন। প্রদর্শশালার বাইরের দেওয়াল এখন পুরোপুরি ভাঙাচোরা অবস্থায়। ভিতরে অন্ধকার। বিভিন্ন নির্মীয়মাণ সামগ্রী বাঁশ, টিন ছড়ানো-ছিটনো। লাগোয়া তিন তলা অ্যাকাডেমি ভবন এখন ফাঁকা মাঠ। চারপাশ টিন দিয়ে ঘেরা।

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উদয় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অ্যাকাডেমি ভবন ভেঙে নতুন করে গড়া ও প্রদর্শশালা সংস্কারের টাকা দীর্ঘ দিন জেলাশাসকের দফতরে পড়েছিল। নানা জটিলতায় কাজে দেরি হয়েছে। আমি বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্বে এসেছি।’’ উপাচার্যের দাবি, ‘‘সংস্কার পর্বে প্রদর্শশালার ভিতরে কবির ব্যবহৃত সামগ্রী বিশ্ববিদ্যালয়ের তরফে আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ভবনে সরানোর কথা ছিল। কিন্তু স্থানীয়দের একাংশের তাতে আপত্তি ছিল। শেষে জেলাশাসকের তত্ত্বাবধানে সব কিছু চুরুলিয়া নজরুল যুব আবাসে তালাবন্ধ করে রাখা হয়েছে। দেরি হলেও সব কাজ দ্রুত সুষ্ঠু ভাবে এ বার সারার চেষ্টা করছি।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Churulia Nazrul Islam

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy