গত কয়েক দিন ধরেই বিক্ষিপ্ত ভাবে রাজ্যের প্রায় সব জেলায় হালকা বৃষ্টি চলছে। কলকাতার কয়েক জায়গাতেও বিক্ষিপ্ত ভাবে কয়েক পশলা বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, রাজ্যের প্রায় সব জেলাতেই কম-বেশি দুর্যোগের পূর্বাভাস রয়েছে শনিবার। উত্তরের দুই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের অন্তত ন’টি জেলায় হতে পারে শিলাবৃষ্টি। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে হতে পারে ঝড়।
হাওয়া অফিস বলছে, শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদের কয়েক জায়গায় ঝড়ের গতি ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ৮০ কিলোমিটার। সঙ্গে ওই জেলাগুলিতে শিলাবৃষ্টি হতে পারে। কলকাতা-সহ রাজ্যের বাকি জেলাগুলিতে ঝড়ের গতিবেগ হতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার। দক্ষিণের সব জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। রবিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সঙ্গে ঝড়ের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবারও রাজ্যের প্রায় সব জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে।
আরও পড়ুন:
শনিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে। এর মধ্যে দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়িতে শিলাবৃষ্টি হতে পারে। মালদহ, উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়িতে শনিবার ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের বাকি জেলাতেও ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝড়বৃষ্টির জন্য বলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাতেও চলবে ঝড়বৃষ্টি। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলার কিছু অংশে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, আপাতত কিছু দিন সমুদ্রের উপর ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়ার বেগ হতে পারে ৬০ কিলোমিটার। এর ফলে সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের শনিবার সমুদ্রে না-যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহবিদেরা।
উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে প্রচুর জলীয় বাষ্প। তার জেরেই বৃষ্টি হচ্ছে রাজ্যে।