এক তৃণমূল নেত্রীর বাড়ির সামনে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠল। শুক্রবার রাত সওয়া ১টা নাগাদ, দমদম পুরসভার ১ নম্বর ওয়ার্ডের সুপুর আলি মোড়ে।
পুলিশ জানায়, ঘটনায় আতঙ্ক ছড়ায় ওয়ার্ডের জয়ী তৃণমূল প্রার্থী রিঙ্কু দত্ত দে-র বাড়ির আশপাশে। রিঙ্কুদেবী বলেন, ‘‘কাউকে দেখিনি। স্থানীয়দের কাছে জেনেছি, ঘটনার পরে মোটরবাইকে কিছু ছেলে অপেক্ষা করছিল। পরে ওরা দিল্লি রোডের দিকে পালায়।’’ ঘটনাস্থল থেকে মেলে বোমার কৌটো ও গুলির খোল। দমদম থানায় অভিযোগ দায়ের করেন রিঙ্কুদেবী। রাতে ঘটনাস্থলে যান তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান সঞ্জীব (মিলু) চন্দ। শনিবার তৃণমূলের তরফে দমদম থানায় ডেপুটেশন দেওয়া হয়। রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই হামলা। দমদমে রিঙ্কুদেবী গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন বলে জল্পনা। তাই তাঁর বিরোধী গোষ্ঠী হামলা চালায় বলে অনুমান।
অন্য দিকে, শুক্রবার রাতে কসবার রাজডাঙায় তৃণমূল পার্টি অফিস লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল কয়েক জন দুষ্কৃতীর বিরুদ্ধে। তৃণমূলের একাংশের দাবি, দুষ্কৃতীরা অন্য একটি তৃণমূল-গোষ্ঠীর আশ্রিত। তৃণমূল নেতা তথা কলকাতা পুরসভার ১২ নম্বর বরোর চেয়ারম্যান সুশান্তকুমার ঘোষ বলেন, ‘‘কয়েক জন দুষ্কৃতী পার্টি অফিসের সামনে বোমা ছুড়েছে। কারা করেছে, তা নিয়ে মন্তব্য করব না।’’ পুলিশ জানায়, অভিযোগে মুন্না পাণ্ডে বলে এক দুষ্কৃতীর নাম রয়েছে। বর্তমানে সে জামিনে মুক্ত।