দুই ছিনতাইকারী গ্রেফতার শহরে
নিজস্ব সংবাদদাতা
ছিনতাইয়ের ঘটনায় বুধবার সকালে এক যুবক গ্রেফতার হল। ধৃতের নাম আকবর ওরফে পাপ্পু। বাড়ি কালীঘাট এলাকায়। পুলিশ জানায়, সে এলাকার দাগি দুষ্কৃতী বলে পরিচিত। মঙ্গলবার বিকেল চারটে নাগাদ পল্লীশ্রীর বাসিন্দা সায়ন বেরা ও তাঁর এক বন্ধু একটি স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, তখন আকবর তাঁদের মেরে ফেলার হুমকি দিয়ে ৫০০০ টাকা, ২টি মোবাইল ও একটি সোনার বালা কেড়ে পালায়। যাদবপুর থানায় অভিযোগ দায়ের হলে অভিযোগকারীকে বেশ কিছু দাগি দুষ্কৃতীর ছবি দেখানো হয়। তার ভিত্তিতেই আকবরকে ধরা হয়। তার কাছ থেকে একটি ফোন ও সোনার বালা উদ্ধার হয়েছে। অন্য দিকে, মঙ্গলবার রাতে আনন্দপুর থানার নোনাডাঙা থেকে প্রশান্ত ঘোষ নামে এক কুখ্যাত মোবাইল ছিনতাইকারীকে গ্রেফতার করল সার্ভে পার্ক থানার পুলিশ। মোটরবাইকে চড়ে সে অটোযাত্রীদের মোবাইল ছিনতাই করত বলে খবর। পুলিশ জানায়, গত ৯ জুলাই ও ১ অগস্ট সার্ভে পার্ক থানায় দু’টি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ দায়ের হয়। তদন্তে পুলিশ জানতে পারে, অটোর ধারের আসনে বসে মোবাইল ব্যবহারকারীদের টার্গেট করত প্রশান্ত। মোটরবাইকে তেল লাগিয়ে রাখার সঙ্গে নম্বর প্লেটেও গ্রিজ ঘষে রাখত, যাতে সহজে ধরা না পড়ে। পুলিশ জেনেছে, আগে সে একটি গেঞ্জি কারখানায় কাজ করত। চাকরি যাওয়ার পর থেকেই গত কয়েক মাস ধরে এ পথ ধরেছিল সে।
যাদবপুরে পদ ছাড়ার নির্দেশ কিছু কর্তাকে
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ২১টি স্কুল অব স্টাডিজের অধিকর্তা ও যুগ্ম অধিকর্তাদের পদ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সোমবারের মধ্যে তাঁদের পদ ছাড়তে হবে বলে কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন। তবে ওই সব পদে কারা বসবেন, সেই সিদ্ধান্ত হয়নি। অধিকর্তা ও যুগ্ম অধিকর্তাদের প্রশ্ন, উত্তরসূরি ঠিক না-করেই তাঁদের অপসারণের কারণ কী? বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ জানান, এত দিন অধিকর্তার নাম ঠিক করার কোনও বিধিসম্মত পদ্ধতি ছিল না। এগ্জিকিউটিভ কাউন্সিল (ইসি) তা ঠিক করত। এখন অধিকর্তাদের নাম ঠিক করার নিয়ম তৈরি হয়েছে। সেই অনুযায়ী স্কুলের অ্যাকাডেমিক কমিটি নাম সুপারিশ করবে উপাচার্যের কাছে। তিনি অধিকর্তাকে নিয়োগ করবেন। সেই জন্যই পদ ছাড়ার নির্দেশ জারি হয়েছে। এর ফলে স্কুলগুলির শিক্ষা ও প্রশাসনিক কাজকর্ম যাতে ব্যাহত না-হয়, কর্তৃপক্ষ তা দেখবেন।
যুবক ধৃত
চুরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে, রহিম ওস্তাগর লেনে একটি বাড়ি থেকে। ধৃতের নাম ছোট্টু হালদার ওরফে তোতলা। পুলিশ জানায়, গত ৯ অগস্ট যোধপুর পার্কের বাসিন্দা সুমিতা ধর সকাল সাড়ে ১১টা নাগাদ কাজে বেরিয়েছিলেন। সাড়ে ১২টা নাগাদ তিনি বাড়ি ফিরে দেখেন, দরজা ভাঙা। আলমারি থেকে উধাও সোনার নেকলেস, পেন্ডেন্ট-সহ বেশ কিছু সোনার গয়না। এর পরেই তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, ছোট্টুর কাছ থেকে কিছু গয়না উদ্ধার হয়েছে।
বাসের চাকায় পিষ্ট
চলন্ত বাস থেকে পড়ে সেই বাসেরই চাকায় পিষ্ট হলেন এক যাত্রী। বুধবার, রাজাবাজার মোড়ে। মৃতের নাম নুর আলম (৫৫)। পুলিশ জানায়, ২০২ রুটের বাসের সামনের দরজা দিয়ে নামার সময়ে পড়ে যান নুর। বাসের পিছনের চাকা তাঁর পা ও কোমরের উপর দিয়ে চলে যায়। এনআরএসে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় ওই ব্যক্তির। ঘাতক বাসটির চালকের খোঁজ শুরু করেছে পুলিশ।
স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়া। বাহিনীর অভিবাদন নিচ্ছেন ‘মুখ্যমন্ত্রী’,
পুলিশ ট্রেনিং স্কুলের কনস্টেবল রেজওয়ানা খাতুন। বুধবার, রেড রোডে। ছবি: রণজিত্ নন্দী।