Advertisement
E-Paper

নিউ আলিপুরে ১৫ করোনা-পজিটিভ রোগীর তথ্য লুকোচ্ছে প্রশাসন! গুজব ছড়িয়ে ধৃত মহিলা

রবিবার বেহালার জ্যোতিষ রায় রোড থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

নিজস্ব সংবাদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২০ ১০:১৮
ধৃত পল্লবী শিবানী।

ধৃত পল্লবী শিবানী।

সোশ্যাল মিডিয়ায় করোনাভাইরাস নিয়ে গুজব ছড়িয়ে পুলিশের হাতে গ্রেফতার হলেন আর এক মহিলা। রবিবার বেহালার জ্যোতিষ রায় রোড থেকে তাঁকে গ্রেফতার করা হয়। কেন গুজব ছড়িয়েছিলেন, তার কোনও সদুত্তর তিনি পুলিশকে দিতে পারেননি।

পুলিশ জানিয়েছে, ওই মহিলার নাম পল্লবী শিবানী। স্মার্ট জুনিয়রস নামে এক হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য তিনি। নিউ আলিপুরে ১৫ জন করোনা আক্রান্তের পজিটিভ কেস রাজ্য সরকার পুরোপুরি ধামাচাপা দিয়ে রেখেছেন বলে ওই গ্রুপে পোস্ট করেছিলেন তিনি।

পুলিশের হাতে এই তথ্য এসে পৌঁছনোর পরই তাঁর খোঁজ শুরু করে নিউ আলিপুর থানা। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তাঁর নাম পল্লবী ক্যাঙ্গারু কিডস হিসাবে উল্লেখ করা ছিল। নিউ আলিপুর ব্লক ই-তে ক্যাঙ্গারু কিডস নামে একটি কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। প্রথমে সেই স্কুলের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। কিন্তু পল্লবী নামে তাঁদের কোনও কর্মী নেই বলে জানিয়ে দেন স্কুল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: মাছ-দুধ বাদ দিয়ে নিজেই ঘরবন্দি হয়েছে তেহট্টের গ্রাম

এর পর ওই স্কুলে পাঠরত পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে পুলিশ স্মার্ট জুনিয়রস নামে হোয়াটসঅ্যাপ গ্রুপটি খুঁজে পায়। সেই গ্রুপের তথ্য অনুসরণ করেই পল্লবীকে খুঁজে বার করে পুলিশ।

আরও পড়ুন: সীমানা সিল করুন, সব রাজ্যকে নির্দেশ কেন্দ্রের

এর আগে আর এক মহিলাকেও গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। চন্দ্রিমা ভৌমিক নামে ওই মহিলা বেলেঘাটা আইডির চিকিৎসক করোনা আক্রান্ত বলে সোশ্যাল মিডিয়ায় ছডিয়েছিলেন।

রাজ্য এবং কলকাতা পুলিশের কাছে নবান্ন থেকে কড়া নির্দেশ রয়েছে মুখ্যমন্ত্রীর। করোনাভাইরাস নিয়ে কোনও রকম গুজব ছড়ালেই তাঁর বিরুদ্ধে যেন দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হয়।

ছবি: সংগৃহীত।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

Coronavirus Covid 19 Health Arrest
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy