E-Paper

বইপাড়া বাঁচানোর ডাক সিপিএমের

কফি হাউসের সামনে আয়োজিত ওই সভায় এ দিন বক্তৃতা করেছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, সিটু নেতা অনাদি সাহু, জোড়াসাঁকোর সিপিএম প্রার্থী ভরতরাম তিওয়ারি প্রমুখ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ০৮:২৮

—প্রতীকী চিত্র।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনকে (এসআইআর) কেন্দ্র করে রাজ্য জুড়ে শোরগোলের মধ্যে জনজীবনের সঙ্গে সম্পর্কিত নানা প্রশ্নকে সামনে রেখে ‘বাংলা বাঁচাও যাত্রা’ করেছিল সিপিএম। তারই সূত্র ধরে এ বার ভোটের মুখে সরকারি উদ্যোগে বই কেনার পরিবেশ ফেরানো, বইপাড়ার কর্মীদের জন্য ন্যূনতম মজুরি দেওয়ার মতো বিভিন্ন দাবিতে বুধবার কলেজ স্ট্রিটে ‘বইপাড়া বাঁচাও কনক্লেভ’ করল সিপিএম। রাজ্যের গ্রন্থাগারগুলির অবস্থা, সরকারি উদ্যোগে বই কেনার বর্তমান হাল প্রভৃতি নিয়ে সরব হয়েছেন নেতৃত্ব।

কফি হাউসের সামনে আয়োজিত ওই সভায় এ দিন বক্তৃতা করেছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, সিটু নেতা অনাদি সাহু, জোড়াসাঁকোর সিপিএম প্রার্থী ভরতরাম তিওয়ারি প্রমুখ। বাম আমলে কলেজ স্ট্রিটে তৈরি ‘বর্ণপরিচয় মার্কেট’ নিয়ে তৃণমূল আমলে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ তুলেছেন তাঁরা। সুজনের অভিযোগ, “রাজ্যে গ্রন্থাগারগুলিতে নিয়োগ হচ্ছে না। আট হাজারেরও বেশি স্কুল বন্ধ। স্কুলে গ্রন্থগারিক, শিক্ষক নেই। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে মোট প্রায় ১৩০ কোটি টাকার বই কেনা স্থগিত। ফলে সমস্যায় পড়ছে বইপাড়া ও এর সঙ্গে যুক্ত সবাই।” বইপাড়ার নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে বই নষ্টের অভিযোগ তুলেছেন বিভিন্ন প্রকাশক ও বাঁধাই কারখানার প্রতিনিধিরা। এই আবহে সিপিএম প্রার্থী ভরতরামের নির্বাচনী প্রতিশ্রুতি, “রাজ্য ও দেশের সাংস্কৃতির পীঠস্থান বইপাড়া। বামপন্থীরা বিধানসভায় বইপাড়ার অবস্থার কথা তুলে ধরবেন।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

College Street Left Front

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy