Advertisement
E-Paper

গাড়ির ডিকিতে থরে থরে সাজানো নোটের বান্ডিল, সল্টলেকে নাকা চেকিংয়ের সময় আটকাল পুলিশ

গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় টাকার উৎস নিয়ে সদুত্তর দিতে পারেননি তিনি। এমনকি বৈধ কাগজপত্রও দেখাতে পারেননি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১২:৪৯
Eco Park police recover 25 lakhs from car during naka checking ahead assembly election

বাজেয়াপ্ত হওয়া টাকা। ছবি: সংগৃহীত।

নাকা চেকিংয়ের সময় গাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার কলকাতার ইকো পার্ক থানা এলাকায়। নির্বাচনের আগে রাজ্যে জুড়ে বিভিন্ন প্রান্তে নজরদারি আঁটোসাঁটো করেছে পুলিশ। শুক্রবার ভোরে নিয়মিত নজরদারি চালানোর সময় সিটিসেন্টার-২-র কাছে একটি গাড়ি আটকানো হয়। সেই গাড়ি তল্লাশি চালিয়ে ২৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করল পুলিশ!

সূত্রের খবর, নাকা চেকিংয়ের সময় সন্দেহ হওয়ায় ওই গাড়িটিকে আটকায় ইকো পার্ক থানার পুলিশ। চালকের আসনে ছিলেন ঠাকুর সুরজি অভেসাং নামে এক ব্যক্তি। নির্ধারিত নিয়ম মেনে ওই গাড়িতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়ির ডিকিতে কম্বলমোড়া নোটের বান্ডিল উদ্ধার করে পুলিশ। কম্বলের মধ্যে থরে থরে সাজানো ছিল টাকা।

গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় টাকার উৎস নিয়ে সদুত্তর দিতে পারেননি তিনি। এমনকি বৈধ কাগজপত্রও দেখাতে পারেননি। সেই কারণে ওই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। কোথা থেকে অত টাকা এল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কেন টাকা আনা হয়েছিল— এই সবই খতিয়ে দেখছে পুলিশ।

নির্বাচন কমিশন বার বার ‘অবাধ ও শান্তিপূর্ণ’ নির্বাচন করানোর কথা বলছে। সেই কারণে কেন্দ্রীয় বাহিনীর উপর বাড়তি দায়িত্বও দেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, অশান্তি রুখতে সব রকম পদক্ষেপ করতে প্রস্তুত তারা। এমনকি, ভোটের আগে নিজেদের এলাকায় যাতে অন্য কোনও জায়গা থেকে টাকা বা অস্ত্র না-ঢোকে, তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট থানাগুলিকে। নিয়মিত নজরদারি, নাকা চেকিং করার নির্দেশও রয়েছে। সেই নাকা চেকিংয়ের সময়ই লক্ষ লক্ষ টাকা উদ্ধার কলকাতায়।

Cash Naka Checking
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy