Advertisement
E-Paper

বিধানসভা নির্বাচনে পরাজয়ের জের? মেয়র পরিষদের বৈঠক বাতিল, কলকাতা পুরসভায় বাড়ছে প্রশাসনিক অস্বস্তি

বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের আবহেই এ বার বাতিল হয়ে গেল কলকাতা পুরসভার নির্ধারিত মেয়র পরিষদের বৈঠক। আগামী ১৮ মে, সোমবার বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছে। কবে ফের বৈঠক হবে, তা এখনও স্পষ্ট নয়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ২২:২৩
ফিরহাদ হাকিম।

ফিরহাদ হাকিম। — ফাইল চিত্র।

বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর প্রশাসনের অন্দরে বদল শুরু হয়েছে। এই আবহে কলকাতা পুরসভার অন্দরে রাজনৈতিক পালাবদলের প্রভাব ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের আবহেই এ বার বাতিল হয়ে গেল কলকাতা পুরসভার নির্ধারিত মেয়র পরিষদের বৈঠক। আগামী ১৮ মে, সোমবার বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছে। কবে ফের বৈঠক হবে, তা এখনও স্পষ্ট নয়।

কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, পুর কমিশনার স্মিতা পাণ্ডে বৈঠকের জন্য সময় দিতে পারবেন না বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনারের দফতর থেকেই মেয়রের কাছে বৈঠক স্থগিত করার আবেদন জানানো হয় বলে খবর। এর পর মেয়রের তরফে জানিয়ে দেওয়া হয়, সোমবারের নির্ধারিত বৈঠক আপাতত বাতিল করা হচ্ছে। ভবিষ্যতে নতুন দিনক্ষণ ঘোষণা করা হবে।

পুরসভার একাংশের কর্তাদের মতে, এ ভাবে মেয়র পরিষদের বৈঠক বাতিল হওয়া কার্যত নজিরবিহীন। কারণ, সাধারণত নির্ধারিত সময়ের আগেই বিভিন্ন বিভাগের আধিকারিকেরা বৈঠকের এজেন্ডা তৈরি করে পুর কমিশনারের দফতরে পাঠান। কমিশনারের অনুমোদনের পর তা মেয়রের কাছে যায় এবং শেষপর্যন্ত মেয়র পরিষদের বৈঠকে তা অনুমোদিত হয়। কিন্তু এবার সেই প্রক্রিয়াই কার্যত থমকে যায়।

পুরসভার একটি সূত্রের দাবি, বৈঠকের আগে মাত্র তিনটি ‘অ্যাজেন্ডা’ তৈরি হয়েছিল। ফলে বৈঠক হলেও তা কার্যত স্রেফ লোকদেখানো হয়ে দাঁড়াত। পুরসভার এক আধিকারিকের কথায়, “রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই পুর প্রশাসনের সঙ্গে বোর্ডের সমন্বয়ে স্পষ্ট ঘাটতি দেখা যাচ্ছে।” অভিযোগ উঠেছে, পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এবং পুর কমিশনার স্মিতার মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। সেই কারণেই প্রশাসনিক স্তরে অচলাবস্থা বাড়ছে বলে মনে করছেন অনেকেই। যদিও এই বিষয়ে প্রকাশ্যে কেউ মন্তব্য করতে চাননি। পুর-কর্তাদের একাংশের আশঙ্কা, এভাবে প্রশাসনিক টানাপড়েন চলতে থাকলে বিরোধী পরিচালিত পুর-বোর্ড কত দিন স্বাভাবিক ভাবে কাজ চালাতে পারবে, তা নিয়ে প্রশ্ন উঠবে। বিশেষ করে নাগরিক পরিষেবা ও উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে এর প্রভাব পড়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না অনেকে।

বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই কলকাতা পুরসভার অন্দরে রাজনৈতিক এবং প্রশাসনিক সমন্বয়ের অভাব নিয়ে জল্পনা চলছিল। মেয়র পরিষদের বৈঠক বাতিলের ঘটনায় সেই জল্পনাই আরও জোরালো হল বলে মনে করছে পুর মহলের একাংশ। প্রসঙ্গত, চলতি সপ্তাহে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আসানসোল দক্ষিণের দুবারের বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনিও প্রথম থেকেই পুরসভাগুলিতে সজাগ দৃষ্টি রাখতে শুরু করেছেন। আগামী ডিসেম্বর মাসে কলকাতা পুরসভার ভোট। তার আগে পুরসভার অন্দরে আধিকারিকদের সঙ্গে জনপ্রতিনিধিদের দূরত্ব এক অন্য বার্তা বহন করছে।

KMC Kolkata Municpal Corporation FirhadHakim
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy