সরে গেল দীর্ঘদিনের মেয়র লেখা বোর্ড। পরিবর্তিত বোর্ডে লেখা ‘চেয়ারম্যান, বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর্স, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন।’ নীচে নামটা অবশ্য একই, ফিরহাদ হাকিম। শুক্রবার থেকে পুরসভা পরিচালনার দায়িত্ব নিল সরকার মনোনীত প্রশাসকমণ্ডলী। এ দিন তার প্রথম বৈঠকে সিদ্ধান্ত হল, করোনা সংক্রমণ প্রতিরোধের কাজকেই অগ্রাধিকার দিয়ে পথে নামবে পুর প্রশাসন।
৭ মে বৃহস্পতিবার নির্বাচিত পুর বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পরে রাজ্য সরকার কলকাতা পুরসভা পরিচালনার জন্য ১৪ জনের প্রশাসকমণ্ডলী মনোনীত করে। তাতে রয়েছেন মেয়াদ উত্তীর্ণ বোর্ডের মেয়র, ডেপুটি মেয়র এবং ১২ জন মেয়র পারিষদ। তবে এ দিনের বৈঠকে প্রশাসকমণ্ডলীর সদস্য হিসেবে পুর কমিশনার এবং দুই বিশেষ পুর কমিশনারকেও যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে প্রশাসকমণ্ডলীর সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৭-য়।
এ দিন বৈঠকের শুরুতেই করোনা-প্রসঙ্গ টেনে প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম বলেন, ‘‘বর্তমানে করোনা প্রতিরোধই আমাদের প্রধান কাজ। এই সঙ্কটের সময়ে নিয়মিত পুর পরিষেবা দেওয়া এবং শহরবাসীর স্বাস্থ্য সুরক্ষার উপরে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। সেই কাজ শুধু অফিসারদের দ্বারা সম্ভব নয়। এক জন অফিসারের পক্ষে এলাকার হাল জানা কঠিন। সেই খোঁজ রাখেন শুধু জনপ্রতিনিধি।’’ তিনি জানান, প্রাক্তন মেয়র পারিষদেরা সকলেই প্রশাসকমণ্ডলীতে রয়েছেন। মেয়র পারিষদ হিসেবে তাঁরা যে যে দফতরের দায়িত্বে ছিলেন, নতুন পদে আসার পরেও সেই দফতরের কাজ দেখবেন। এর পাশাপাশি প্রাক্তন বরো চেয়ারম্যান এবং কাউন্সিলরদের ভূমিকারও প্রশংসা করেন ফিরহাদ।
আরও পড়ুন: এক মাস কৃত্রিম শ্বাসযন্ত্রে থেকেও করোনা জয়
বার বার বেরোলে ধরা পড়ছে ক্যামেরায়
চেয়ারম্যান জানান, শাসক ও বিরোধী উভয় দলের কাউন্সিলরকে প্রশাসকমণ্ডলী পরিচালনার কাজে যুক্ত করা হচ্ছে। বরো চেয়ারম্যান হবেন বরো কো-অর্ডিনেটর এবং কাউন্সিলর হবেন ওয়ার্ড কো-অর্ডিনেটর। স্থানীয় বাসিন্দাদের যে কোনও ধরনের প্রয়োজনীয় শংসাপত্র যা আগে কাউন্সিলর হিসেবে দিতেন, এখন ওয়ার্ড কো-অর্ডিনেটর হিসেবেও তা দিতে পারবেন। তবে আর্থিক কোনও ক্ষমতা এখনই কাউকে দেওয়া হচ্ছে না বলে সূত্রের খবর। প্রশাসকমণ্ডলীর আহ্বায়ক হিসেবে কাজ করবেন পুর কমিশনার খলিল আহমেদ। প্রতি ১০ দিন অন্তর প্রশাসকমণ্ডলীর বৈঠক হবে বলে জানিয়েছেন ফিরহাদ। বৈঠকে ঠিক হয়েছে, চেয়ারম্যান, পুর কমিশনার, বিশেষ পুর কমিশনার, মুখ্য স্বাস্থ্য অধিকর্তা এবং নোডাল অফিসারকে নিয়ে গঠিত একটি কমিটি প্রতিদিন করোনা পরিস্থিতির পর্যালোচনা করবে।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)