সংস্থায় কাজ করতেন তাঁরা। জানতেন সেখানকার আটঘাট। আর সে ভাবেই সংস্থার সিলমোহর ব্যবহার করে তৈরি করেছিলেন নকল রসিদ। সেই দিয়ে লোকজনের থেকে তুলেছিলেন লক্ষ লক্ষ টাকা। এই অভিযোগে ক্যামাক স্ট্র্রিটের ওই সংস্থার এক কর্মীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ধৃতের নাম প্রীতম সিংহরায়। মোট তিন জনের বিরুদ্ধে ছিল অভিযোগ। বাকি দুই কর্মী এখনও অধরা।
গত বুধবার শেক্সপিয়ার সরণিতে অভিযোগ দায়ের করেন অভিজিৎ সিংহ নামে এক ব্যক্তি। ক্যামাক স্ট্রিটের একটি বহুতলে তাঁর সংস্থার দফতর রয়েছে। তিনি থানায় প্রীতম, সেলিম সারোয়ার, জাহির আব্বাস খান নামে তাঁর সংস্থার তিন কর্মীর বিরুদ্ধে অভিযোগ করেন। অভিজিতের অভিযোগ, তাঁর সংস্থার সিলমোহর ব্যবহার করে নকল রসিদ তৈরি করেছিলেন অভিযুক্তেরা। সেই রসিদের সাহায্যে ভুয়ো কাগজপত্র দেখিয়ে বিভিন্ন লোকজনের থেকে ৬৬ লক্ষ ৫৩ হাজার টাকা তুলেছিলেন। সেই টাকা নিজেদের স্বার্থে ব্যবহার করেছেন।
আরও পড়ুন:
এর পরেই ৪২ বছরের প্রীতমকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বাড়ি বর্ধমানের কালনায়। তবে বর্তমানে বীরভূমের সিউড়ির একটি আবাসনে থাকছিলেন। বৃহস্পতিবার তাঁকে বহরমপুরের ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করা হয়।