কলকাতা নগর ও দায়রা আদালতে বোমাতঙ্ক ছড়িয়েছে মঙ্গলবার দুপুরে। ঘটনাচক্রে, আগের রাতেই কলকাতা শহরের অপর এক প্রান্তেও বোমাতঙ্ক ছড়ায়। সোমবার সরসুনায় বোমার মতো একটি বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তা থেকেই আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। ডাকা হয় বম্ব স্কোয়াডকেও। সন্দেহজনক ওই বস্তুটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যান বম্ব স্কোয়াডের সদস্যেরা।
সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। সরসুনার রক্ষিতপাড়া লেনের বাসিন্দারা ওই সন্দেহজনক বস্তুটি পড়ে থাকতে দেখে খবর দেন থানায়। বোমার মতো দেখতে ওই বস্তু এলাকায় পড়ে থাকায় আতঙ্ক ছড়ায় এলাকাবাসীদের মনে। এলাকাবাসীদের থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় সরসুনা থানার পুলিশ। বম্ব স্কোয়াডের সদস্যদেরও খবর দেওয়া হয়। সন্দেহজনক ভাবে পড়ে থাকা ওই বস্তুটি খতিয়ে দেখেন তাঁরা।
পরে বোমার মতো দেখতে বস্তুটি অন্যত্র সরিয়ে নিয়ে যান বম্ব স্কোয়াডের সদস্যেরা। ওই সন্দেহজনক বস্তুটি আসলে কী, তা খতিয়ে দেখছেন আধিকারিকেরা। সেটি ওই এলাকায় কী ভাবে গেল, কে বা কারা ফেলে রাখল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্তে ইতিমধ্যে আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে। তবে নির্বাচনের আগে এই ধরনের সন্দেহজনক বস্তু উদ্ধারের ঘটনা নিয়ে উদ্বেগ দানা বেঁধেছে এলাকাবাসীদের মনে। এই ঘটনার নেপথ্যে কোনও সমাজবিরোধীর যোগ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন:
মঙ্গলবার কলকাতার নগর ও দায়রা আদালতে বোমাতঙ্ক ছড়ানোর পরে আদালতকক্ষ ছেড়ে বেরিয়ে যান আইনজীবীরা। বোমার হুমকি পাওয়ার পরেই আদালত চত্বরে তল্লাশি শুরু করে পুলিশ। তবে সর্বত্র তল্লাশির পরেও মঙ্গলবার দুপুর আড়াইটে পর্যন্ত সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি আদালত চত্বরে।