গত পুরবোর্ডের আমলে ত্রিফলা কেলেঙ্কারিতে জেরবার হয়েছিলেন কলকাতা পুর-কর্তৃপক্ষ। তার জেরে আলো দফতরের ডিজি-কে সরিয়ে দিতে বাধ্য হন কর্তৃপক্ষ। এই প্রেক্ষিতে নতুন পুরবোর্ড সিদ্ধান্ত নিয়েছে, পুর-প্রকল্পের জন্য মালপত্র কিনলে আগে দাম যাচাই করতে হবে। বিষয়টি দেখভালের জন্য চার মেয়র পারিষদ— অতীন ঘোষ, তারক সিংহ, দেবাশিস কুমার ও দেবব্রত মজুমদারকে নিয়ে কমিটি তৈরি করলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। ওই কমিটি নতুন প্রকল্পের সঠিক দরদাম মেয়রকে জানাবেন। মেয়র সায় দিলে তা পুর আইন মোতাবেক মেয়র পারিষদের সভায় গৃহীত হবে। অন্য দিকে, টেন্ডার-সহ বহু বিষয়ে সাম্প্রতিক সরকারি তথ্য না থাকায় মাঝেমধ্যেই পুর-কর্তৃপক্ষকে অসুবিধায় পড়তে হয়। সে কারণে সরকারি তথ্য ঠিক ভাবে সংগ্রহ করতে মেয়র পারিষদ দেবব্রত মজুমদার এবং পুর-আধিকারিকদের নিয়ে হয়েছে আরও একটি কমিটি। মেয়র বলেন, ‘‘প্রতি মাসে এই দু’টি কমিটির সঙ্গে আলোচনায় বসব।’’