Advertisement
E-Paper

বিদ্রোহী শিবিরে শামিল হবেন আরও তৃণমূল বিধায়ক! ইঙ্গিত ঋতব্রতের, সন্দীপনের বাড়ির সামনে বিক্ষোভের প্রতিবাদ

তৃণমূলের লোকসভার এবং রাজ্যসভার সাংসদেরা বিদ্রোহী বিধায়কদের সঙ্গে যোগাযোগ রাখছেন কি না, এই প্রশ্নের উত্তরে ঋতব্রত জানান, গত সাত দিনে তাঁর সঙ্গে কারও কথা হয়নি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ১৪:০৮
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

তৃণমূলে আরও ভাঙনের সম্ভাবনা উস্কে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এন্টালির বিধায়ক সন্দীপন সাহার বাড়িতে একটি সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের একাংশ। ঋতব্রত, সন্দীপন ছাড়াও ছিলেন জাভেদ খান, প্রসূন বন্দ্যোপাধ্যায়রা। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে ঋতব্রত বলেন, “দেখুন না সংখ্যাটা (তৃণমূলের বিদ্রোহী বিধায়কের সংখ্যা) কোথায় গিয়ে দাঁড়ায়।”

আগামী বুধবারের মধ্যে ‘জল আরও গড়াবে’ বলেও দাবি করেছেন ঋতব্রতেরা। পরিষদীয় দলের পর তৃণমূলের সংসদীয় দলও ভাঙতে পারে বলে খবর শোনা যাচ্ছে। তৃণমূলের লোকসভার এবং রাজ্যসভার সাংসদেরা বিদ্রোহী বিধায়কদের সঙ্গে যোগাযোগ রাখছেন কি না, এই প্রশ্নের উত্তরে ঋতব্রত জানান, গত সাত দিনে তাঁর সঙ্গে কারও কথা হয়নি।

আগামী ১৮ জুন থেকে রাজ্যে বাজেট অধিবেশন শুরু হচ্ছে। অধিবেশন শুরু হলে আরও বেশ কয়েক জন তৃণমূল বিধায়ক তাঁদের শিবিরে যোগ দেবেন বলে ইঙ্গিত দিয়েছেন ঋতব্রত। ইতিমধ্যেই তাঁদের দিকে মোট ৬০ জন তৃণমূল বিধায়ক রয়েছেন বলে দাবি করেছেন ঋতব্রত। তবে বিধানসভার স্পিকারকে দেওয়া বিধায়কদের স্বাক্ষর সংবলিত চিঠি তাঁরা প্রকাশ্যে আনবেন না বলে জানিয়েছেন ঋতব্রত। তাঁর বক্তব্য, বিধানসভার নিয়ম তাঁরা লঙ্ঘন করতে চান না। ‘গদ্দার’ তোপের প্রেক্ষিতে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে তোপ দেগে ঋতব্রত বলেন, “উনি হতাশা থেকে এ সব করছেন। ভোটের ফলাফল বেরোনোর পর থেকে উনি কেন এমন করছেন, আমরা পরে তা সবিস্তার বলব। তবে এটুকু বলতে পারি যে, ওঁর হতাশা আরও বাড়তে চলেছে।”

শুক্রবার দুপুরে সাংবাদিক বৈঠকটি আয়োজন করা হয়েছিল সন্দীপনের বাড়ির সামনে বিক্ষোভের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। সন্দীপনের বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর জন্য এন্টালির পরাজিত বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে নিশানা করেন বিদ্রোহী তৃণমূল বিধায়কেরা। বিষয়টি তাঁরা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানাবেন বলে জানান। কিন্তু তার পরেও কোনও কার্যকরী পদক্ষেপ করা না-হলে ‘বৃহত্তর আন্দোলনে’ নামার ডাক দিয়েছেন ঋতব্রতেরা।

বৃহস্পতিবার সন্দীপন এবং এন্টালির প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা সন্দীপনের পিতা স্বর্ণকমল সাহার বাড়ির সামনে ঝাঁটা-জুতো হাতে বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। বিক্ষোভকারীরা ‘বাবা চোর-বেটা চোর’ স্লোগান দেন। বিক্ষোভে হাজির ছিলেন বিজেপির প্রিয়ঙ্কা টিবরেওয়াল। সন্দীপন এবং স্বর্ণকমলের বিরুদ্ধে দুর্নীতি, কাটমানি চাওয়া, তোলাবাজির অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার সকালে এন্টালিতে একটি মিছিল করেন স্থানীয়দের একাংশ। ওই মিছিলে দেখা যায় বিজেপি কর্মী-সমর্থকদের একাংশকেও। তার পরেই ওই মিছিল যায় সন্দীপন এবং স্বর্ণকমলের বাড়ির সামনে। সেখানে রীতিমতো মাইকিং করে ‘চোর-চোর’ স্লোগান দেওয়া হয়। সন্দীপনদের বাড়ির সামনে ঝাঁটা-জুতো বেঁধে দেওয়া হয়। যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন স্বর্ণকমল-সন্দীপনেরা। তাঁদের বক্তব্য, পরাজয় মেনে নিতে না-পেরেই এই সব কাজ করছেন প্রিয়ঙ্কা।

TMC Sandipan Saha
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy