E-Paper

দোলের দিন অনেকটাই কমছে মেট্রো এবং লোকাল ট্রেনের সংখ্যা

মঙ্গলবার উত্তর-দক্ষিণ মেট্রোয় সারা দিনে ২৭২টি ট্রেনের পরিবর্তে আপ এবং ডাউন লাইন মিলিয়ে ৬০টি ট্রেন চলবে। রাতের অন্তিম ট্রেন দক্ষিণেশ্বর থেকে ৯টা ৩৮ মিনিটে ছেড়ে টালিগঞ্জ সংলগ্ন মহানায়ক উত্তমকুমার স্টেশন পর্যন্ত যাবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ০৮:২৫
কলকাতা মেট্রো।

কলকাতা মেট্রো। —ফাইল চিত্র।

আগামী কাল, মঙ্গলবার দোল উপলক্ষে ছুটি থাকায় কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম, নোয়াপাড়া-বিমানবন্দর সহ অন্য দুই মেট্রোপথে ট্রেনের সংখ্যা অনেকটাই কম থাকবে। ওই তিন মেট্রোয় দুপুরের পরে পরিষেবা শুরু হবে। উত্তর-দক্ষিণ মেট্রোয় মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ স্টেশন থেকে পরিষেবা শুরু হবে।

মঙ্গলবার উত্তর-দক্ষিণ মেট্রোয় সারা দিনে ২৭২টি ট্রেনের পরিবর্তে আপ এবং ডাউন লাইন মিলিয়ে ৬০টি ট্রেন চলবে। রাতের অন্তিম ট্রেন দক্ষিণেশ্বর থেকে ৯টা ৩৮ মিনিটে ছেড়ে টালিগঞ্জ সংলগ্ন মহানায়ক উত্তমকুমার স্টেশন পর্যন্ত যাবে। পূর্ব-পশ্চিম মেট্রোয় সারা দিনে ২২৮টির পরিবর্তে ৪৫টি ট্রেন চলবে। রাতে অন্তিম পরিষেবার সময় অপরিবর্তিত থাকলেও ওই মেট্রোয় হাওড়া ময়দান এবং সেক্টর ফাইভ থেকে দুপুর ৩টে নাগাদ পরিষেবা শুরু হবে।

নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রোপথে সারা দিনে ১২০টি ট্রেনের পরিবর্তে আপ এবং ডাউন মিলে ৪৪টি ট্রেন চলবে। ওই মেট্রোয় দুপুর ২টো ৩৮ মিনিটে নোয়াপাড়া থেকে এবং দুপুর ৩টে নাগাদ বিমানবন্দর সংলগ্ন জয় হিন্দ মেট্রো স্টেশন থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে। অন্তিম ট্রেনের সূচি অন্যান্য দিনের মতোই থাকছে।

জোকা-মাঝেরহাট মেট্রোয় সপ্তাহের অন্যান্য কাজের দিনের ৮৪টি ট্রেনের পরিবর্তে দোলের দিন আপ এবং ডাউন মিলে ৩৮টি ট্রেন চলবে। ওই মেট্রোয় জোকা থেকে ২টো ৪০ মিনিটে এবং মাঝেরহাট থেকে দুপুর ৩টে ৪ মিনিটে প্রথম মেট্রো ছাড়বে। অন্তিম মেট্রোর সূচি অন্যান্য দিনের মতোই থাকছে।

নিউ গড়িয়া-বেলেঘাটা মেট্রোর ক্ষেত্রে সারা দিনে ৬২টি ট্রেনের পরিবর্তে ২৮টি ট্রেন চলবে। ওই মেট্রোয় দুপুর আড়াইটে নাগাদ নিউ গড়িয়া সংলগ্ন কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে এবং দুপুর ৩টে নাগাদ বেলেঘাটা থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে। অন্তিম ট্রেনের সূচি সপ্তাহের অন্যান্য কাজের দিনের মতো একই থাকছে।

একই ভাবে হাওড়া এবং শিয়ালদহ থেকে শহরতলির লোকাল ট্রেনের সংখ্যা দোলের দিন অনেক কম থাকবে। ওই দিন অর্ধেকের কম ট্রেন চলবে। শিয়ালদহ শাখায় পরের দিন বুধবার রবিবারের মতো কম ট্রেন চলবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Holi 2026 Kolkata metro services Local Trains

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy