E-Paper

রাজ্য নেতৃত্বকে না জানিয়েই ইউনিট! তাপসীর ঘোষণায় ধন্দ

হলদিয়ার বিধায়ক তাপসী বলেন, ‘‘ঋতব্রত কী বলেছেন জানি না। তবে নিয়ম মেনে কমিটি করা হয়েছে।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৭

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভরসন্ধ্যায় সাংবাদিক বৈঠক ডেকে শিল্পশহর হলদিয়ার বিভিন্ন কারখানা এবং বন্দরের জন্য তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি'র ইউনিট কমিটি ঘোষণা করেছেন স্থানীয় বিধায়ক। মোট ৪৮টি ইউনিট কমিটি ঘোষণা করা হলেও আইএনটিটিইউসি'র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, রাজ্য নেতৃত্বকে না জানিয়েই নতুন কমিটি ঘোষণা করেছেন বিধায়ক তথা আইএনটিটিইউসি'র কোর কমিটির চেয়ারম্যান তাপসী মণ্ডল। রাজ্য নেতৃত্বকে না জানিয়ে যনিষ্ঠদের নিয়ে তাপসীর এই আলাদা করে বিভিন্ন কারখানা এবং বন্দরে দলের শ্রমিক সংগঠনের ইউনিট কমিটি ঘোষণা করায় যেমন শ্রমিক মহলে বিভ্রান্তি তৈরি হয়েছে, তেমনই প্রশ্ন উঠেছে কোর কমিটির বৈধতা নিয়েও। শনিবার সন্ধ্যায় হলদিয়ার মঞ্জুশ্রীতে ৪৮টি ইউনিট কমিটি ঘোষণা করেন তাপসী। প্রতিটি কমিটিতে অন্তত ২০-২৫ জন করে রয়েছেন। ১০টির বেশি ইউনিটের সভাপতি হয়েছেন তাপসী নিজেই। তৃণমূলের একাংশের অভিযোগ, সংশ্লিষ্ট কারখানা এবং বন্দরে আইএনটিটিইউসির সংগঠন রেজিষ্ট্রেশনের সময় যে সব শ্রমিক নেতার নাম নথিভুক্ত ছিল, তাঁদের ছাড়া ঘনিষ্ঠদের নিয়ে ইউনিট কমিটির সদস্য নিয়োগ করেছেন তাপসী।

হলদিয়া বন্দর, আইওসি, এইচপিএলের মতো বড় কারখানাগুলিতে আইএনটিটিইউসি ইউনিট সভাপতি রয়েছেন সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেই মর্মে বিভিন্ন কারখানা কর্তৃপক্ষ এবং বন্দর প্রশাসনকে অবগত করা হয়েছে। এখন আবার তাপসী নতুন করে যে সব ইউনিট ঘোষণা করেছেন, সেই সব কমিটির তালিকা আজ, সোমবার কারখানা কর্তৃপক্ষ এবং বন্দর প্রশাসনকে পাঠানো হবে বলে দলীয় সূত্রের খবর। এ নিয়েই দলের অন্দরে প্রশ্ন। আইএনটিটিইউসির একাধিক প্রবীণ নেতা বলছেন, ‘‘একই কারখানায় দলের শ্রমিক সংগঠনের দু'টো কমিটি থাকতে পারে না। এ ক্ষেত্রে পূর্বের কমিটিকে বাদ দেওয়া হয়নি।’’ রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও বলছেন, ‘‘রাজ্য নেতৃত্বকে এ নিয়ে কিছুই জানানো হয়নি।’’ তাহলে কি একক সিদ্ধান্তে তাপসী সিদ্ধান্ত নিতে পারেন। প্রশ্নের জবাবে হলদিয়ার বিধায়ক তাপসী বলেন, ‘‘ঋতব্রত কী বলেছেন জানি না। তবে নিয়ম মেনে কমিটি করা হয়েছে।’’

উল্লেখ্য, এ বছর জানুয়ারিতে হলদিয়া শিল্পাঞ্চলের জন্য আট সদস্যের কোর কমিটি গড় তৃণমূল। যার চেয়ারম্যান তাপসী আর আহ্বায়ক বিধায়ক ঘনিষ্ঠ শ্যামল মাইতি। এ দিকে, বিরোধীরা মনে করাচ্ছে, কেন্দ্রীয় শ্রাম আইন অনুযায়ী, শ্রমিক সংগঠনে কোর কমিটি বলে কিছুই হয় না। নতুন কমিটি গঠন বা বাদ দেওয়ার ক্ষমতা রয়েছে আইএনটিটিইউসির জেলা বা রাজ্য কমিটির। সিপিএমের শ্রমিক সংগঠন সিটু নেতা পরিতোষ পট্টনায়ক বলেন, ‘‘কোর কমিটির কোনও বৈধতাই নেই। শ্রমিকদের বেতন সংক্রান্ত দাবি সনদে এই কমিটির স্বাক্ষরের বৈধতা নেই।’’

নতুন ইউনিট গঠন করা নিয়ে গেরুয়া প্রভাবিত ভারতীয় মজনুর সঙ্ঘের রাজ্য সভাপতি প্রদীপ বিজলী বলেন, ‘‘বিজেপিতে থাকাকালীন উনি (এক সময় তাপসী মণ্ডল বিজেপিতে ছিলেন) সমান্তরাল শ্রমিক সংগঠন তৈরি করে টাকা কামানোর চেষ্টা করেছিলেন। এখানে পারবেন না বুঝতে পেরে তৃণমূলে গিয়েছিলেন। এখন ওখানেও তাপসী সেটাই করছেন।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

TMC Haldia

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy