Advertisement
E-Paper

বাজারে আগুন নেভাতে নাভিশ্বাস দমকল কর্মীর

আশঙ্কাই সত্যি হল! রাস্তা তৈরি হয়নি এতদিনেও। তাই দিন কয়েক আগে ঝাড়গ্রাম ব্যবসায়ী সমিতি আশঙ্কা প্রকাশ করেছিল, উড়ালপুলের নীচের দু’পাশে বিস্তৃত ঝাড়গ্রাম বাজারে আগুন লাগলে কী হবে! দমকল আসবে কোন পথে?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৭ ০২:৩৭

আশঙ্কাই সত্যি হল! রাস্তা তৈরি হয়নি এতদিনেও। তাই দিন কয়েক আগে ঝাড়গ্রাম ব্যবসায়ী সমিতি আশঙ্কা প্রকাশ করেছিল, উড়ালপুলের নীচের দু’পাশে বিস্তৃত ঝাড়গ্রাম বাজারে আগুন লাগলে কী হবে! দমকল আসবে কোন পথে?

বুধবার সন্ধ্যায় সেটাই হল। ভরা বাজারে একটি উপহার সামগ্রীর দোকানের দোতলার গুদামে আগুন লাগে। আর সেই আগুন নেভাতে নাজেহাল হল দমকল। প্রাথমিক ভাবে স্থানীয় লোকজনই আগুন নেভানোর কাজে হাত লাগান। কিছুক্ষণ পরে দমকল এসে উড়ালপুলের উপর থেকেই আগুন নেভানোর কাজ শুরু করে। । দমকলের কর্তারাও মানছেন, ওই বাজার এলাকায় অগ্নিকাণ্ড হলে তাঁরা ভয়ে থাকেন। কারণ, ইঞ্জিন নিয়ে ঢোকার রাস্তা নেই। ঝাড়গ্রাম ব্যবসায়ী সমিতির এক কর্তা বলেন, ‘‘রাতে হলে কী হতো, ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে।’’

বছর সাতেক আগে ঝাড়গ্রাম শহরের মেন রোড ৫ নম্বর রাজ্য সড়কে দক্ষিণে শিবমন্দির মোড় থেকে উত্তরে সাবিত্রী মোড় পর্যন্ত তৈরি হয় উড়ালপুলটি। পূর্ত দফতর সূত্রের খবর, কাজ শুরুর সময় নকশায় বলা ছিল উড়ালপুলের তলায় দু’দিকে লোকাল বোর্ডের মোড় থেকে স্থানীয় শিবমন্দির মোড় পর্যন্ত বাইশ ফুট জায়গার দশ ফুট করে পাকা অ্যাপ্রোচ রোড এবং বাকি অংশে ফুটপাথ তৈরি করা হবে। বছর তিনেক হল উড়ালপুলটি চালু হয়েছে। কিন্তু নীচের রাস্তা দিয়ে গাড়ি চলাচল তখন থেকেই বন্ধ। অথচ, বাজারে প্রায় শ’দুয়েক দোকান রয়েছে। ঝাড়গ্রাম বাজারের কাছেই জুবিলি বাজার এলাকার অবস্থাও জতুগৃহের মতো।

ঝাড়গ্রাম ব্যবসায়ী সমিতির সভাপতি সৌমেন মণ্ডলের ক্ষোভ, ‘‘ঝাড়গ্রাম বাজার শহরের প্রাণকেন্দ্র। ঝাড়গ্রাম জেলা হওয়ার আগে থেকে রাস্তার দাবি জানাচ্ছি।’’

কেন এতদিনেও উড়ালপুলের নীচের রাস্তা হল না?

জেলা পূর্ত (সড়ক) দফতরের এক কর্তা জানান, অ্যাপ্রোচ রোড তৈরির বিষয়টি পরিকল্পনায় রয়েছে। জেলা প্রশাসনের কাছে জমি ও পরিকাঠামোর মূল্য নির্ধারণের জন্য আবেদন পাঠানো হয়েছে। সম্প্রতি জেলা ভাগ হওয়ায় গোটা প্রক্রিয়ায় কিছুটা দেরি হচ্ছে।

Jhargram Bazar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy