Advertisement
E-Paper

পূর্তর তিন ডিভিশনই রাখতে প্রস্তাব

জেলা ভাগ হয়ে গেলেও পশ্চিম মেদিনীপুরে পূর্ত দফতরের ৩টি ডিভিশন রেখে দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে আর্জি জানাতে চলেছে জেলা প্রশাসন। প্রশাসনের একাংশের বক্তব্য, জেলায় পূর্তের ৩টি ডিভিশন না থাকলে কাজের ক্ষেত্রে সমস্যা হতে পারে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৭ ০০:৫৯

জেলা ভাগ হয়ে গেলেও পশ্চিম মেদিনীপুরে পূর্ত দফতরের ৩টি ডিভিশন রেখে দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে আর্জি জানাতে চলেছে জেলা প্রশাসন। প্রশাসনের একাংশের বক্তব্য, জেলায় পূর্তের ৩টি ডিভিশন না থাকলে কাজের ক্ষেত্রে সমস্যা হতে পারে। নজরদারির অভাবে বিভিন্ন কাজের গতি শ্লথ হওয়ার সম্ভাবনাও রয়েছে। পশ্চিম মেদিনীপুরের পূর্ত কর্মাধ্যক্ষ শৈবাল গিরি বলেন, “জেলার এলাকা বেশ বড়। তাই ৩টি ডিভিশন রেখে দেওয়ার জন্য রাজ্যের কাছে আর্জি জানানো হবে।”

শুক্রবার জেলা পরিষদের পূর্ত স্থায়ী সমিতির বৈঠকেও এ নিয়ে আলোচনা হয়েছে। এখন জেলায় পূর্তের ৪টি ডিভিশন রয়েছে। মেদিনীপুর, খড়্গপুর, হাইওয়ে ডিভিশন ১ ও ২। সামনের মাসেই পশ্চিম মেদিনীপুর ভেঙে নতুন ঝাড়গ্রাম জেলা হওয়ার কথা। সেই ক্ষেত্রে মেদিনীপুর ও হাইওয়ে ডিভিশন ১ পশ্চিম মেদিনীপুরে থেকে যাবে। অন্য দিকে, খড়্গপুর ও হাইওয়ে ডিভিশন ২ নতুন জেলা ঝাড়গ্রামে চলে যাবে।

এক-একটি ডিভিশন বিভিন্ন এলাকার কাজকর্ম দেখভাল করে। জেলা প্রশাসনের একাংশ চাইছে, হাইওয়ে ডিভিশন ২ ঝাড়গ্রামে চলে যাক। তবে পূর্তের খড়্গপুর ডিভিশন পশ্চিম মেদিনীপুরেই থাকুক। জেলা পরিষদের এক কর্তার কথায়, “ঝাড়গ্রামের থেকে পশ্চিম মেদিনীপুরের এলাকা অনেক বেশি। মাত্র ২টি ডিভিশনের পক্ষে এই জেলার কাজকর্ম দেখা সমস্যার হতে পারে।”

বিষয়টি নিয়ে পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করতে পারেন পূর্ত কর্মাধ্যক্ষ শৈবালবাবু। জেলায় এখন বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার কাজ চলছে। আরও কিছু রাস্তার কাজ শুরু হবে। শৈবালবাবুর আশ্বাস, “কিছু রাস্তার কাজ চলছে। নজরদারি রয়েছে। মার্চের মধ্যেই কাজ শেষ হবে।” তাঁর সংযোজন, “আগামী দিনে নজরদারিতে কোনও সমস্যা না হয় সে জন্য ৩টি ডিভিশন জরুরি।”

Paschim Midnapur State Government Three Divisions
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy