Advertisement
E-Paper

মেলায় দাদুকে হারিয়ে ফেলে নাবালিকা, খোঁজার অছিলায় শ্লীলতাহানির অভিযোগ শান্তিপুরে! পলাতক অভিযুক্ত সন্ন্যাসী

পুলিশ জানিয়েছে, পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। যদিও অভিযুক্তের বাবার দাবি, পুরনো শত্রুতার জেরে তাঁর ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৮:৩৬
A monk accused of harassment minor girl in Shantipur

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

গাজনের মেলায় গিয়ে হারিয়ে যায় নাতনি। অভিযোগ, দাদুর কাছে পৌঁছে দেবে বলে ওই নাবালিকাকে ভুলিয়ে নির্জন স্থানে নিয়ে যান ওই মেলায় থাকা এক সন্ন্যাসী। নির্জন স্থানে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল নদিয়ার শান্তিপুরে। শোরগোল শুরু হতেই এলাকা ছাড়েন অভিযুক্ত।

স্থানীয় সূত্রে খবর, রবিবার বিকেলে দাদুর সঙ্গে শান্তিপুরের গাজনের মেলায় গিয়েছিল বছর এগারোর নাবালিকা। সেই মেলাতে ভিড় করেছিলেন অনেক সন্ন্যাসীও। ভিড়ের মধ্যে দাদুকে হারিয়ে ফেলে ওই নাবালিকা। এ দিক-ও দিক ঘুরেও দাদুর খোঁজ না-পেয়ে ভীত হয়ে পড়ে সে। সেই সুযোগে সন্ন্যাসীর জটলা থেকে এক জন এসে ওই নাবালিকাকে দাদুকে খুঁজে তাঁর কাছে পৌঁছে দেবেন বলে জানান। ওই সন্ন্যাসীটি পূর্বপরিচিত হওয়ায় তাঁর সঙ্গে যেতে রাজি হয় নাবালিকাটি।

অভিযোগ, ওই সন্ন্যাসী নাবালিকাটিকে একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানেই তার শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ নাবালিকার পরিবারের। নাবালিকার কথায়, ‘‘সেই সময় আমাদের পাড়ার এক কাকা বাইক নিয়ে যাচ্ছিলেন। তাকে বলি। তিনি আমায় সঙ্গে করে নিয়ে যান। রাস্তায় দাদুকে দেখতে পাই। দাদুকে জানাতেই ওই লোকটার (অভিযুক্ত) সঙ্গে অশান্তি হয়।’’ বাড়ি ফিরে কাঁদতে কাঁদতে নিজের ঠাকুমাকে সব ঘটনা জানায় ওই নাবালিকা। রাতেই পরিবারের লোকেরা শান্তিপুর থানায় অভিযুক্তের নামে লিখিত অভিযোগ করেন।

Advertisement

পুলিশ জানিয়েছে, পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। যদিও অভিযুক্তের বাবার দাবি, পুরনো শত্রুতার জেরে তাঁর ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।

harassment Shantipur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy