Advertisement
E-Paper

টুকরো খবর

মাঝ রাতে তালা ভেঙে ঘরে ঢুকে ছোট ছেলের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। বড়ঞা থানা এলাকা কুমরাই গ্রামের ঘটনা। শুক্রবারই গৃহকর্তা ফুরহাদ আলি মির্জা পুলিশের কাছে তাঁর বড় ছেলের শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ দায়ের করেছেন। কান্দির এসডিপিও সন্দীপ সেন বলেন, “পারিবারিক বিবাদের জেরে ওই ডাকাতি হয়েছে বলে অভিযোগ এসেছে। তদন্ত শুরু হয়েছে।”

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৫ ০১:২২

মাথায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতির অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • কান্দি

মাঝ রাতে তালা ভেঙে ঘরে ঢুকে ছোট ছেলের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। বড়ঞা থানা এলাকা কুমরাই গ্রামের ঘটনা। শুক্রবারই গৃহকর্তা ফুরহাদ আলি মির্জা পুলিশের কাছে তাঁর বড় ছেলের শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ দায়ের করেছেন। কান্দির এসডিপিও সন্দীপ সেন বলেন, “পারিবারিক বিবাদের জেরে ওই ডাকাতি হয়েছে বলে অভিযোগ এসেছে। তদন্ত শুরু হয়েছে।” পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার মাঝ রাতে এক দল দুষ্কৃতী বাড়িতে চড়াও হয়। বারান্দার গ্রিলে তালা ঝুলিয়ে ঘরের দরজা খোলা রেখেই ঘুমোচ্ছিলেন ওই পরিবারের সদস্যেরা। অভিযোগ, গ্রিলের তালা ভেঙে ঢুকে দুষ্কৃতীরা ফুরহাদ আলির কাছে আলমারির চাবি চায়। সেই চাবি দিয়েই তিনটি ঘরের আলমারি খুলে নগদ প্রায় দু’লক্ষ টাকা, বেশ কিছু সোনার গহনা, বাসনপত্র-সহ মূল্যবান নানা জিনিস নিয়ে চম্পট দেয়। ফুরহাদের তিন ছেলে, এক মেয়ে। বড় দুই ছেলের বিয়ে হয়েছে। তারা কর্মসূত্রে পশ্চিম এশিয়ায় থাকে। ছোট ছেলে এখন মুম্বই রয়েছে বলে জানা গিয়েছে। বাড়িতে ছিলেন শুধু ফুরহাদ, তাঁর স্ত্রী, মেয়ে মনিরা বিবি ও তাঁর ছেলে। মরিনা বিবি বলেন, “সোনার দু’জোড়া কানের ও একটি নাকের গহনা ছিল। ওরা সেই দু’টি নেওয়ার জন্য ছেলের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। প্রাণভয়ে সব দিয়ে দিয়েছি।’’ আর ফুরহাদ বলছেন, “এশিয়া থেকে বৃহস্পতিবারেই দু’লক্ষ টাকা পাঠিয়েছিল বড় ছেলে। সেটা জানতে পেরে ওর শ্বশুরবাড়ির লোকজনরা এই কাণ্ড করিয়েছে।’’

রাজ্যকে তোপ সেলিেমর
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর

সিবিআইয়ের ফোন আসার আগেই দলের পাঁচ বছরের আয়-ব্যয়ের হিসেব তৃণমূলনেত্রীর পাঠিয়ে দেওয়া উচিৎ ছিল বলে মনে করেন সিপিএম সাংসদ মহম্মদ সেলিম। শুক্রবার বহরমপুরে জেলা সিপিএমের কার্যালয়ে তৃণমূলনেত্রীর সমালোচনা করে তাঁর কটাক্ষ, “তিনি জানতেন সিবিআই চিঠি দেবে, তার আগেই সাধারণ সম্পাদককে সরিয়েছেন।’’ এ বঙ্গে প্রবীণ তোগাড়িয়ার আসার ব্যাপারে নিষেধাজ্ঞা প্রসঙ্গে সেলিমের প্রশ্ন, ‘‘এর আগে গত সাড়ে তিন বছরে আরএসএস প্রধান মোহন ভাগবত, প্রবীণ তোগাড়িয়ারা কয়েক বার করেছেন। মুখ্যমন্ত্রী তখন কেন ব্যবস্থা নিলেন না? সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলার জন্য কলকাতা পুলিশ তখন তাঁর বিরুদ্ধে মামলা করল না কেন?’’ রাজনৈতিক ফায়দা তোলার জন্যেই নিষেধাজ্ঞা, মত তাঁর। তৃণমূল ধর্ষক, লুঠেরা, সাম্প্রদায়িক শক্তিকে প্রশ্রয় দিচ্ছে বলেও তাঁর অভিযোগ। তাঁর অভিযোগ, ‘‘আত্মহত্যা করলেও এই সরকার আলু চাষিদের পাশে নেই। যে ছাত্ররা বিচার চাইছে, যে মানুষ প্রতিবাদ করছেন— তার উপরেই শাস্তির খাঁড়া নেমে আসছে। দু’বছর আগে সুদীপ্ত গুপ্তকে খুন করেছে কলকাতা পুলিশ। কিন্তু এখনও পর্যন্ত তার বিচারবিভাগীয় তদন্ত করার সাহস দেখাতে পারেনি সরকার।’’ এ দিন জলঙ্গির সাগরপাড়ায় ডিওয়াইএফআইয়ের জেলা সম্মেলনে যোগ দেন সেলিম। সেখানেও রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি।

প্রধান শিক্ষক নিয়োগের দাবি
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট

নদিয়ার বেশ কিছু প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক না থাকায় নানা কাজে সমস্যা হচ্ছে। সমস্যার সমাধানে অবিলম্বে ওই সব স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের দাবি জানাল পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সমিতি। যে সব স্কুলে প্রধান শিক্ষক নেই, সেখানে কাজ চালাচ্ছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকেরা। তাঁদের জন্যও আলাদা বেতনক্রমের দাবি জানিয়েছে তৃণমূলের শিক্ষক সমিতি। সমিতির দাবি দ্রুত বকেয়া ডিএ, ছাত্রীদের জন্য আলাদা শৌচালয়, স্কুলে পানীয় জলের ব্যবস্থা, মিড ডে মিলের অর্থ বরাদ্দ করতে হবে। শুক্রবার নদিয়ার পায়রাডাঙায় সংগঠনের রানাঘাট ২ নম্বর চক্রের প্রথম বার্ষিক সন্মেলন হয়। সেখানে ছিলেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারপার্সন অর্চনাঘোষ সরকার, জেলা পরিষদের কর্মাধক্ষ্য দীপক বসু, রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়, রানাঘাট ১ পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষ, সংগঠনের জেলা কমিটির সদস্য বাপ্পাদিত্য মজুমদার-সহ অন্যেরা।

কান্দিতে হাতাহাতি
নিজস্ব সংবাদদাতা • কান্দি

হাতাহাতিতে জড়াল তৃণমূল ও কংগ্রেস সমর্থকেরা। বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ কান্দি পুরসভা এলাকার ১১নং ওয়ার্ডের শিবরামবাটি এলাকায় ওই গোলমাল শুরু হয় বলে স্থানীয় সূত্রে খবর। কংগ্রেসের অভিযোগ, গভীর রাতে ঘুম থেকে তুলে দলের সমর্থকদের হুমকি দিচ্ছিল তৃণমূলের লোকেরা। কান্দি পুরসভার বিদায়ী পুরপ্রধান কংগ্রেসের গৌতম রায়ের অভিযোগ, “তৃণমূলের প্রার্থী মদ্যপ অবস্থায় দলের সমর্থকদের বাড়িতে চড়াও হয়ে তৃণমূলে ভোট দেওয়ার হুমকি দিচ্ছিল। আমাদের কর্মীরা বাধা দিলে তাদের মারধর করা হয়।’’ অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। মুর্শিদাবাদ জেলা তৃণমূলের কার্যকারি সভাপতি উজ্জ্বল মণ্ডল বলেন, “কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই তাঁদের মারধর করেছে।’’ দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে।

পতাকা ছেঁড়ার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ

তৃণমূলের পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। নবদ্বীপ পুরসভার এক নম্বর ওয়ার্ডের আচার্য পাড়ায় তৃণমূল প্রার্থী বারীন্দ্র ঘোষের অভিযোগ, ‘‘শুক্রবার সকালে ওই পতাকা ছিঁড়ে সেই সব জায়গায় সিপিএমের পতাকা লাগানো হয়েছে।’’ তৃণমূলের তরফে নবদ্বীপ থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছে। অভিযোগ, ভোটের আগে এলাকায় অশান্তি ছড়াতে এমনটা করেছে সিপিএম। সিপিএমের লোকাল কমিটির সম্পাদক অমরেন্দ্রনাথ বাগচি অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy