প্রধানের বিরুদ্ধে অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • করিমপুর
পঞ্চায়েতের প্রধান ও নির্মাণ সহায়কের বিরুদ্ধে থানায় দুর্নীতির অভিযোগ জানালেন করিমপুর ২ ব্লকের বিডিও তাপস কুণ্ডু। মঙ্গলবার নতিডাঙা-১ পঞ্চায়েতের প্রধান ও নির্মাণ সহায়কের বিরুদ্ধে থানারপাড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। বিডিও জানান, গমাখালির একটি বুথের রাস্তার জন্য বরাদ্দ টাকা তুলে নেওয়া হয়েছে। অথচ ওই এলাকায় কোনও রাস্তা তৈরিই হয়নি। এই নিয়ে ওই এলাকার বাসিন্দারা বিডিওর কাছে অভিযোগ জানিয়েছিলেন। খবর পেয়ে তদন্ত শুরু হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনি ওই দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযুক্ত ওই প্রধান ও নির্মাণ সহায়কের সঙ্গে বহু চেষ্টা করেও ফোনে যোগাযোগ করা যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
অনাস্থা খারিজ
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ
দলেরই উপ-প্রধানের বিরুদ্ধে সিপিএম সদস্যদের আনা প্রস্তাব খারিজ হয়ে গেল। বৃহস্পতিবার ১৭ সদস্যের ফরাক্কার নয়নসুখ গ্রাম পঞ্চায়েতে সিপিএম-র বিক্ষুব্ধ উপ-প্রধানকে কংগ্রেসের ৫ সদস্য ছাড়াও সমর্থন করেন একজন নির্দল ও দু’জন সিপিএম সদস্য। ফলে উপপ্রধান পদে বহাল রইলেন সাবিনা খাতুনই। সিপিএমের ৭ সদস্য ভোট দেন তাঁর বিরুদ্ধে। অন্যদিকে তৃণমূলের দুই সদস্য অনাস্থা সভায় হাজির হননি। ৯ সদস্যের গরিষ্ঠতা নিয়ে গত বছর সিপিএম বোর্ড গড়েছিল। ২ জন দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করায় পঞ্চায়েতে সংখ্যালঘু হয়ে পড়ে সিপিএম। প্রধান শুভ্রা পাল বলেন, “প্রধান পদ নিয়ে নেতৃত্ব সিদ্ধান্ত নেবে।”
তিনদিন বাস বন্ধ, নাজেহাল যাত্রীরা
কৃষ্ণনগর-করিমপুর রুটের বাস বন্ধ তিনদিন। নাজেহাল নিত্যযাত্রীরা। গত মঙ্গলবার এক বাস কর্মীকে মারধরের প্রতিবাদে টানা তিন দিন ওই রুটের সমস্ত বাস চলাচল বন্ধ করে রেখেছেন বাস কর্মীরা। পুজোর আগে বাস বন্ধ হওয়ায় সমস্যায় পড়েছেন স্থানীয় বাবসায়ীরাও। অনেকেই নিয়মিত কৃষ্ণনগর, কলকাতায় যাতায়াত করেন এ সময়, বাস বন্ধ থাকায় তাঁদের ব্যবসা মার খাচ্ছে বলে অভিযোগ। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ এক যাত্রীকে নির্দিষ্ট স্টপেজের পরে নামিয়ে দেন কন্ডাক্টর। ক্ষুব্ধ ওই যাত্রী বাস থেকে নেমে কন্ডাক্টরের মাথায় আঘাত করেন। তারপরেই রুটের সব বাস কর্মী ওই যাত্রীকে গ্রেফতার ও নিজেদের নিরাপত্তার দাবিতে বাস চলাচল বন্ধ করে দেন।
দুর্ঘটনায় মৃত্যু পথ অবরোধ
পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুতে দেহ আটকে রেখে বিক্ষোভ দেখাল উত্তেজিত জনতা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে চাকদহের শ্রীনগর মোড় এলাকায় তাঁরা রাস্তা অবরোধ করেন। এর ফলে চাকদহ-বনগাঁ রাস্তায় যানবাহন চলাচল বিঘ্নিত হয়। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ঘিরে এলাকায় ট্রাফিক সিগন্যাল বসানোর দাবি জানান তাঁরা। কল্যাণীর এসডিপিও রানা মুখোপাধ্যায় বলেন, “পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। সেই কারণে ওই এলাকায় রাস্তা অবরোধ হয়েছিল। এলাকার মানুষ সেখানে ট্রাফিকের দাবি তুলেছেন। তা নিয়ে ভাবনা চিন্তা চলছে।”
বামেদের মিছিল
দ্রব্য মূল্য বৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে মিছিল করে স্মারকলিপি জমা দিল বামফ্রন্ট। বৃহস্পতিবার বিকালে নদিয়ার হরিণঘাটায় ওই মিছিলে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও সিপিএম নেতা বঙ্কিম ঘোষ, কৃষক সভার নেতা হেমন্ত ভৌমিক-সহ অনান্যরা। দ্রব্যমূল্য বৃদ্ধি একশো দিনের কাজ ও পঞ্চায়েতে উন্নয়নের নামে দুনীর্তির প্রতিবাদে এই মিছিল বলে তাঁরা জানিয়েছেন। পাশাপাশি ন্যায্য মূল্যে কৃষকদের কাছ থেকে পাট কেনা ও এলাকায় পানীয় জল প্রকল্পের মধ্যমে দ্রুত জল দেওয়ার দাবিতে ওই স্মারকলিপি দেওয়া হয়েছে।
শ্লীলতাহানির নালিশ
ভূমি ও ভূমি সংস্কার দফতরের এক কর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠল। বুধবার করিমপুর থানায় এক মহিলাঅভিযোগ করেন, ওই কর্মী জমি পাইয়ে দেওয়ার নাম করে শ্লীলতাহানি করে। ওই ব্যক্তি আগে করিমপুর ১ ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দফতরে কাজ করলেও বর্তমানে তিনি তেহট্ট-১ ব্লকে কর্মরত। তদন্ত শুরু হয়েছে।
কৃষি প্রশিক্ষণ শিবির। ডোমকলে।
ত্রিনয়নী। বেথুয়াডহরীতে সুদীপ ভট্টাচার্যের তোলা ছবি।