Advertisement
E-Paper

টুকরো খবর

ফোনে কথাটা শোনার পরে নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না কৃষ্ণনগরের বিপ্রদাস পাল চৌধুরী ইন্ড্রাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের ছাত্র নিমাই দেবনাথ। ২০১১ সালে এই কলেজে ‘টার্নার ট্রেডে’ ভর্তি হয়েছিলেন নিমাই। ২০০৩ সালে তিনি পাশ করেন।

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৪ ০০:৩৩

নিমাই সফল, গর্বিত স্কুল

নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর

ফোনে কথাটা শোনার পরে নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না কৃষ্ণনগরের বিপ্রদাস পাল চৌধুরী ইন্ড্রাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের ছাত্র নিমাই দেবনাথ। ২০১১ সালে এই কলেজে ‘টার্নার ট্রেডে’ ভর্তি হয়েছিলেন নিমাই। ২০০৩ সালে তিনি পাশ করেন। প্রথমে কলেজে তারপরে রাজ্যের মধ্যে আইটিআই কলেজগুলির প্রথম স্থানাধিকারীদের মধ্যে প্রতিযোগিতায় প্রথম হয়ে নিমাই সর্বভারতীয় প্রতিযোগিতায় যোগ দেন। সেখানে তিনি টার্নার ট্রেডে প্রথম হন। ১৬ অক্টোবর দিল্লির বিজ্ঞান ভবনে তাঁর হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিমাই বলেন, “প্রধানমন্ত্রী বলেন যে, আমি যেন আরও বড় হয়ে দেশের কাজে লাগি।” সোমবার কলেজে লনে দাঁড়িয়ে নিমাই বলছিলেন, “আমি বিশ্বাস করতাম পরিশ্রমের কোনও বিকল্প নেই। আর সেটাই কিন্তু প্রমাণ হয়ে গেল। কারণ পরিশ্রম করা ছাড়া আমার সম্বল বলতে আর কিছুই ছিল না।” নিমাই দেবনাথের বাড়ি বর্ধমানের পূর্বস্থলীর চক রাহাতপুরে। বাবা বিজন দেবনাথ দরিদ্র তাঁত শ্রমিক। সংসার চালিয়ে পড়ার খরচ চালাতে নিমাইকে গৃহশিক্ষকতার পাশাপাশি বাবার সঙ্গে তাঁতও চালাতে হয়েছে। ‘অল ইন্ডিয়া স্কিল কম্পিটিশনে’ প্রথম হয়ে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পাওয়ায় তার জন্য গর্বিত তাঁর কলেজের শিক্ষকরাও। অধ্যক্ষ শরদিন্দু কুণ্ডু বলেন, “আমরা নিমাইয়ের জন্য গর্বিত। যে প্রতিকূলতার সঙ্গে লড়াই করে ও এই সাফল্য পেল তা কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে থাকল।” নিমাই বলেন, “মা, বাবা আর আমার কলেজের শিক্ষক মহম্মদ সামশুল হক পাশে না থাকলে আমি সফল হতাম না।”

জয়ী কৃষ্ণনগর

নিজস্ব সংবাদদাতা • করিমপুর

লিগের খেলায় কল্লোল প্রামাণিকের তোলা ছবি।

ফুটবলার মানিক ইসলামের স্মৃতিতে থানারপাড়ার পূর্ব দোগাছি নবজাতক সঙ্ঘের আয়োজনে একদিনের ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল কৃষ্ণনগর। মঙ্গলবার ধোড়াদহ ইউনিয়ন হাই স্কুলের মাঠে ওই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল বিভিন্ন এলাকার আটটি দল। নকআউট পর্যায়ে ডাঙাপাড়া ভাই ভাই ক্লাব, কৃষ্ণনগর স্পোর্টিং ক্লাব, চোয়া নতুনপাড়া, পূর্ব দোগাছি নবজাতক সঙ্ঘ সেমিফাইনালে ওঠে। ফাইনালে ডাঙাপাড়া ভাই ভাই ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কৃষ্ণনগর স্পোর্টিং ক্লাব। থেকে চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ‘মানিক স্মৃতি ট্রফি’ ও নগদ টাকা পুরস্কার দেওয়া হয়। অন্য দিকে কৃষ্ণনগর জোনাল জুনিয়র ফুটবল লিগের খেলায় চ্যাম্পিয়ন হল কৃষ্ণনগর তরুণ সঙ্ঘ বয়েজ। ফাইনালে ৬-০ গোলে তারা সুভাষনগর সুভাষ সঙ্ঘকে পরাজিত করে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

স্কুলে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল সাদেকুল ইসলাম (৭) নামে এক ছাত্রের। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে সাগরদিঘির মালিয়াডাঙা গ্রামে। ওই ঘটনায় এক ছাত্রীও জখম হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাদেকুল পাশের বোখরা গ্রামে একটি বেসরকারি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। এ দিন জনা চারেক সহপাঠীর সঙ্গে স্কুলে যাচ্ছিল সে। রাস্তার পাশেই এক গ্রামবাসী তালগাছ কাটছিলেন। পাশ দিয়ে চলে গিয়েছে বিদ্যুতের তার। গাছটি তারের উপরে পড়ে গেলে ওই তার ছিঁড়ে পড়ে স্কুল পড়ুয়াদের উপর। সাদেকুল বিদ্যুৎস্পৃষ্ট হয়। সঙ্গে সঙ্গে তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তাতেই মৃত্যু হয় ওই পড়ুয়ার।

নবদ্বীপে দাবা

নদিয়া জেলা দাবা সংস্থার পরিচালনায় প্রথম বর্ষ সেন্ট্রাল বেঙ্গল র্যাপিড চেস টুর্নামেন্ট দু’দিন ধরে নবদ্বীপে অনুষ্ঠিত হল। গত ১৮ এবং ১৯ অক্টোবর নবদ্বীপের এপিসি ব্লাইন্ড স্কুলে চলা ওই প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন নদিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ এবং হুগলী জেলার ৬৬ জন দাবাড়ু। তাঁদের মধ্যে ৯ জন দৃষ্টিহীন দাবাড়ু ছিলেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন মুর্শিদাবাদের হিলাল মণ্ডল। রানার্স হয়েছেন বর্ধমানের বলাই দত্ত। সিনিয়র সিটিজেন দাবাড়ু হিসেবে পুরস্কৃত হয়েছেন বর্ধমানের হারাধন গোস্বামী। দৃষ্টিহীন বিভাগে চ্যাম্পিয়ন এবং রানার্স হয়েছেন যথাক্রমে মীরজান শেখ এবং বিল্টু গড়াই। ট্রফি ছাড়াও বিজয়ীদের নগদ আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে।

বিধায়কের মৃত্যু

সোমবার গভীর রাতে মারা গেলেন কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সুশীল বিশ্বাস (৬৫)। প্রায় দেড় বছর ধরে তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। জেলা তৃণমূলের সভাপতি গৌরীশঙ্কর দত্ত বলেন, “সুশীলবাবুর এই অকাল মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।”

অভিযান

মঙ্গলবার বিকেলে ও সন্ধ্যায় পৃথক ভাবে অভিযান চালিয়ে মোট ছয় জনকে গ্রেফতার করল তেহট্ট থানার পুলিশ। এ দিন বিকেলে বেতাই-এর একটি জুয়ার ঠেকে হানা দিয়ে পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy