Advertisement
E-Paper

গ্যাসের আকাল, জ্বালানি নিয়ে দুই ভাইয়ের বচসা গড়াল খুনোখুনিতে! শোরগোল মুর্শিদাবাদের গ্রামে

রান্নার গ্যাসের সঙ্কট এখন সর্বত্র। মাঝি পরিবারও সেই অসুবিধার মুখে পড়েছে। স্থানীয় সূত্রে খবর, উনুনের জ্বালানির জন্য কাঠ সংগ্রহ করে আনা হয়েছিল। সকালে সেগুলো বাড়ির সামনে শুকোতে দেওয়া হয়। তা-ই নিয়ে দুই ভাইয়ের মধ্যে অশান্তি হয়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ২০:২৬

—প্রতিনিধিত্বমূলক ছবি।

রান্নার গ্যাসের অমিল। হেঁশেলে বিকল্প জ্বালানির জন্য কাঠ সংগ্রহ করেছিল মাঝি পরিবার। সেই জ্বালানি শুকনো করা নিয়ে দুই তুতো ভাইয়ের মধ্যে বিবাদে প্রাণ গেল একজনের। শুক্রবার মুর্শিদাবাদের সালারের ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম শুদ্ধধন মাঝি। বাড়ির উঠোনে কাঠ শুকোতে দেওয়া নিয়ে তাঁর সঙ্গে তুতো ভাইয়ের ঝগড়া শুরু হয়। কিছু ক্ষণের মধ্যে তা হাতাহাতিতে গড়ায়। লাঠি দিয়ে ভাইকে মেরে পালিয়ে যান অভিযুক্ত।

রান্নার গ্যাসের সঙ্কট এখন সর্বত্র। মাঝি পরিবারও সেই অসুবিধার মুখে পড়েছে। স্থানীয় সূত্রে খবর, উনুনের জ্বালানির জন্য কাঠ সংগ্রহ করে আনা হয়েছিল। সকালে সেগুলো বাড়ির সামনে শুকোতে দেওয়া হয়। তা-ই নিয়ে দুই ভাইয়ের মধ্যে অশান্তি হয়। কেন বাড়ির সামনে কাঠ শুকোতে দেওয়া হয়েছে, ওই নিয়ে ভাইকে বকাবকি করেন শুদ্ধধন। তাই নিয়ে দু’জনের মধ্যে ঝগড়া শুরু হয়। অভিযোগ, বিবাদ চলাকালীন বাঁশ দিয়ে দাদার মাথায় সজোরে আঘাত করেন ভাই। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন শুদ্ধধন। প্রথমে তাঁকে সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। কথামতো কান্দিতে নিয়ে যাওয়া হয়েছিল জখমকে। কিন্তু সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। তবে শেষরক্ষা হয়নি। বর্ধমান যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সালার থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে তারা। অন্য দিকে, দাদাকে রক্তাক্ত করে ভাই গা-ঢাকা দিয়েছেন। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Murder Crime Murshidabad
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy