Advertisement
E-Paper

বদলে যাচ্ছে হুমায়ুন কবীরের দলের নাম! প্রতীক পাওয়ার আগে কী ঘটল?

গত বছরের ২২ ডিসেম্বর ঘটা করে মুর্শিদাবাদের বেলডাঙায় সভা করেন ভরতপুরের বিধায়ক। তখনই দলের নাম বলেছিলেন, ‘জনতা উন্নয়ন পার্টি’। সংক্ষেপে জেইউপি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ২১:৫৬
জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর।

জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। —ফাইল চিত্র।

বিধানসভা নির্বাচন সামনে। প্রচার তিনি আগেই শুরু করে দিয়েছিলেন। এখন প্রতীক পাওয়ার অপেক্ষায় ছিলেন জনতা উন্নয়ন পার্টি বা জেইউপি-র প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। কিন্তু তার আগে নির্বাচন কমিশনের নির্দেশে তাঁর রাজনৈতিক দলের নামই বদলে যাবে!

কমিশনের তরফে হুমায়ুন জানতে পেরেছেন জেইউপি নামে একটি রাজনৈতিক দলকে ইতিমধ্যেই স্বীকৃতি দেওয়া হয়েছে। জনৈক রুহুল আমিন ওই নামটিই কমিশনে জমা দেন। হুমায়ুন জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনের দফতরে তিনি প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছেন। এখন কমিশনের নির্দেশ মেনে নাম বদলে ‘জনতা উন্নয়ন পার্টি’র আগে ‘আম’ বসানোর কথা ভাবছেন তিনি। আমজনতা উন্নয়ন পার্টি নাম হলে সংক্ষেপে ‘এজিইউপি’ হবে তাঁর রাজনৈতিক দলের নাম।

তৃণমূল তাঁকে সাসপেন্ড করার পরে নতুন রাজনৈতিক দল তৈরির ঘোষণা করেন হুমায়ুন। গত বছরের ২২ ডিসেম্বর ঘটা করে মুর্শিদাবাদের বেলডাঙায় সভা করেন ভরতপুরের বিধায়ক। তখনই দলের নাম বলেছিলেন, ‘জনতা উন্নয়ন পার্টি’। দিন কয়েক আগে ‘জনতা উন্নয়ন পার্টি’র রেজিস্ট্রেশনের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতর। জানা যায়, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ দিনের মধ্যে রেজিস্ট্রেশন মঞ্জুর করতে পারে কমিশন। রবিবার

হুমায়ুন জানান, প্রতীকের জন্য তাঁরা কয়েকটি পছন্দের কথা কমিশনকে জানিয়েছেন। তবে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের উপর সব কিছু নির্ভর করবে। ভরতপুরের বিধায়কের কথায়, “আমরা আইন মেনেই এগোতে চাই। নামের ক্ষেত্রে সামান্য পরিবর্তনের প্রয়োজন ছিল, আমরা তা করেছি। আশা করি, দ্রুত প্রতীকের অনুমোদনও পেয়ে যাব।”

অন্য দিকে, বিধানসভা ভোটকে সামনে রেখে ইতিমধ্যে মুর্শিদাবাদ এবং মালদহের বেশ কিছু আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছেন হুমায়ুন।

Humayun Kabir Political Party Election Commission
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy