দেওয়াল জুড়ে লেখা বিজেপি প্রার্থীর নাম। আঁকা রয়েছে দলের প্রতীকচিহ্নও। অথচ ওই প্রতীকচিহ্ন ও প্রার্থীর নাম আড়াল করতে দেওয়ালের সামনে বাঁশের খুঁটি পুঁতে তাতে তৃণমূল প্রার্থীর ছবি দেওয়া ফ্লেক্স টাঙানো হয়েছে। রানাঘাট শহরের এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক অসৌজন্যের অভিযোগ বিজেপির। তবে অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, রাতের অন্ধকারে তাদের ব্যানার, ফ্লেক্স, ফেস্টুন খুলে ফেলছে বিজেপি। বুধবার বিষয়টি সামনে আসতেই শহরের রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।
রানাঘাট শহরটি রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের অধীনে। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হন বিজেপির পার্থসারথি চট্টোপাধ্যায়। আগে তিনি তৃণমূলে থাকলেও গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন। এ বছর তাঁকে ফের টিকিট দিয়েছে দল। তাঁর বিরুদ্ধে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন রানাঘাট ১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তাপস ঘোষ। তাপস একাধিক বার পঞ্চায়েত সমিতির সভাপতি হলেও এই প্রথম বিধানসভায় প্রার্থী হয়েছেন।
জানা গিয়েছে, গত লোকসভা নির্বাচনের নিরিখে রানাঘাট শহর থেকে প্রায় সাত হাজার ভোটে এগিয়ে ছিল বিজেপি। গত বিধানসভা নির্বাচনে শুধু শহর থেকেই আড়াই হাজারের বেশি ভোটে তৃণমূলকে পিছনে ফেলেছিল বিজেপি। আবার গত পুরসভা নির্বাচনে ২০টি ওয়ার্ডের মধ্যে ১৯টি ওয়ার্ডেই জয়ী হয়েছে তৃণমূল। এই আবহেই শহরে বিজেপি প্রার্থীর নাম লেখা দেওয়াল তৃণমূল প্রার্থীর ফ্লেক্সে আড়াল করার চেষ্টা কিসের ইঙ্গিত, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
বিষয়টি নিয়ে বিজেপি প্রার্থী পার্থসারথি বলেন, “রানাঘাট শহরে এই সংস্কৃতি আগে ছিল না। তৃণমূলের সঙ্গে মানুষের সমর্থন নেই, তাই ওরা ভয় পেয়ে রাতের অন্ধকারে আমাদের দেওয়াল লিখন আড়াল করতে চাইছে। এর আগেও আমাদের একাধিক ফ্লেক্স, ব্যানার ছেঁড়া হয়েছে।” পাল্টা রানাঘাট শহর তৃণমূলের নেতা অসিত দত্ত বলেন, “আমাদের কেউ এই কাজ করেনি। বরং শহরের একাধিক ওয়ার্ডে আমাদের প্রার্থীর ব্যানার, ফ্লেক্স রাতের অন্ধকারে খুলে ফেলছে বিজেপি। এর আগেও আমরা তথ্যপ্রমাণ দিয়ে থানায় অভিযোগ জানিয়েছি।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)