Advertisement
E-Paper

টুকরো খবর

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের গাড়ির চালককে মুর্শিদাবাদ জেলা প্রশাসন তেল দিতে অস্বীকার করেছে বলে অভিযোগ উঠেছে রবিবার। বুদ্ধবাবু জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। তাই তিনি সরকারি বুলেট প্রুফ গাড়িই ব্যবহার করেন। এ দিন দুপুরে তেমনই গাড়িতে কলকাতা থেকে সরাসরি বহরমপুরে এসে দলীয় কার্যালয়ে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী।

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৪ ০০:৩৫

পেট্রোল ভরা নিয়ে বিতর্ক বহরমপুরে

নিজস্ব সংবাদদাতা • বহরমপুর

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের গাড়ির চালককে মুর্শিদাবাদ জেলা প্রশাসন তেল দিতে অস্বীকার করেছে বলে অভিযোগ উঠেছে রবিবার। বুদ্ধবাবু জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। তাই তিনি সরকারি বুলেট প্রুফ গাড়িই ব্যবহার করেন। এ দিন দুপুরে তেমনই গাড়িতে কলকাতা থেকে সরাসরি বহরমপুরে এসে দলীয় কার্যালয়ে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী। তখন তাঁর চালক গাড়ি নিয়ে জেলাশাসকের বাংলোর কাছে সরকারি গাড়ির তেল ভরার জায়গায় যান। কিন্তু সিপিএমের জেলা সম্পাদক মৃগাঙ্ক ভট্টাচার্য দাবি করেন, “বুদ্ধবাবুর গাড়ির চালককে প্রয়োজনীয় পেট্রোল দিতে চায়নি জেলা প্রশাসন। তাই বাধ্য হয়ে দলের তরফে টাকা দিয়ে আমাদেরই ওই গাড়িতে তেল ভরে দিতে হয়েছে।” জেলাশাসক ওয়াই রত্নাকর রাও অবশ্য বলেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রী দলীয় কাজে মুর্শিদাবাদে এসেছেন। তিনি জেলায় আসছেন, তা সরকারি ভাবে জেলাপ্রশাসনকে চিঠি দিয়ে জানানো হয়নি। ওই গাড়ির চালক ভুল করে কারপুলে এসে তেল ভরানোর কথা বলেন। তবে তারপরেও বুদ্ধবাবুর নিরাপত্তার জন্য আমরা তাঁর গাড়িতে তেল ভরে দিতেও চেয়েছিলাম। পরে দলের পক্ষ থেকে ফোন করে জানানো হয় যে, গাড়ির চালককে তেল ভরানোর জন্য আলাদা করে টাকা দেওয়া হয়েছে। তাই শেষ পর্যন্ত সরকারি ভাবে পেট্রোল দেওয়ার প্রয়োজন হয়নি।”

Advertisement

সিপিএমের ভোট প্রচারে এবার হাতিয়ার ডিভিডি

রবিবার জলঙ্গিতে প্রচারে এসেছিলেন বিধানসভার বিরোধী
দলনেতা সূর্যকান্ত মিশ্র। কল্লোল প্রামাণিকের তোলা ছবি।

ভোটের আর দেরি নেই। এদিকে ইচ্ছে থাকলেও জেলার সর্বত্র পৌঁছতে পারছেন না দলীয় প্রার্থীরা। তাই ডিভিডি ক্যাসেট নিয়ে মুর্শিদাবাদে গ্রামে গ্রামে লোকসভা ভোটের প্রচারে নামছে সিপিএম। সোমবার থেকেই এই ডিভিডি ক্যাসেটের প্রদর্শনী শুরু করতে দলীয় কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। নদী ভাঙন থেকে বিড়ি শ্রমিক জেলার সমস্যাগুলিকে তুলে ধরে বর্তমান সাংসদদের প্রতিশ্রুতি ভঙ্গের যাবতীয় তথ্য ওই ডিভিডিতে তুলে ধরা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। শনিবার জঙ্গিপুরের এক দলীয় সভা থেকে দলের তরফে ওই ডিভিডি আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। সিপিএমের জেলা সম্পাদক মৃগাঙ্ক ভট্টাচার্য জানান, নির্বাচনী প্রচারের জন্য এক হাজার ডিভিডি ক্যাসেট তৈরি করা হয়েছে। ১২ মিনিটের এই ক্যাসেটটি দলের প্রতিটি লোকাল কমিটির কাছে পাঠানো হয়েছে। জেলার প্রতিটি গ্রামে সোমবার থেকে ওই ডিভিডি দেখানো হবে। দেখা যাবে জেলার সব কেবল চ্যানেলেও।” তিনি বলেন, “মুর্শিদাবাদ জেলা দেশের পিছিয়ে পড়া জেলাগুলির মধ্যে অন্যতম। গঙ্গা, পদ্মার ভাঙনকে জাতীয় সমস্যা বলে স্বীকৃতি দিলেও ভাঙন সমস্যা যা ছিল তাই রয়েছে। বিড়ি শিল্পের অবস্থা সঙ্কটজনক। শ্রমিকদের পুনর্বাসনের কোনও পরিকল্পনা নেওয়া হয়নি। মানুষকে এসব বুঝিয়ে বলা দরকার। মানুষের কাছে সিনেমার একটা আকর্ষণ রয়েছে। ছবির ভাষা সকলেই সহজে বুঝতে পারবেন। তাই এই ডিভিডির মাধ্যমে দলের বক্তব্য এবং জেলার সমস্যাগুলির কথা ভোটারদের কাছে তুলে ধরা হয়েছে।”

দেহ উদ্ধার

মাঠ থেকে এক মহিলার দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম সরস্বতী হাজরা (৫০)। তাঁর বাড়ি খড়গ্রামের কৃত্তিপুরে। রবিবার বিকেলে স্থানীয় একটি খেতে ওই মহিলার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। মুর্শিদাবাদের পুলিশ সুপার ইন্দ্র চক্রবর্তী বলেন, “ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে ওই মহিলাকে খুন করা হয়েছে বলে প্রাথমিক ভাবে আমরা জানতে পেরেছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।” পারিবারিক সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো ওই মহিলা মাঠে গিয়েছিলেন গবাদি পশু চড়াতে। বিকেল গড়িয়ে গেলেও বাড়ি ফিরছে না দেখে বাড়ির লোকজন তাঁর খোঁজ শুরু ক রেন। সরস্বতীদেবীর ছেলে অরূপ হাজরা বলেন, “আমাদের কোনও শত্রু নেই। কী কারণে আমার মাকে এভাবে খুন করা হল বুঝতে পারছি না।” ঘটনাচক্রে এদিন যখন মাঠে মহিলার দেহ পাওয়া গিয়েছে তার ঘণ্টাখানেক আগে ওই মাঠ থেকে এক কিলোমিটার দূরের রাস্তা দিয়ে গিয়েছে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়।

দুষ্কৃতী হানা

একই রাতে পাশাপাশি তিনটি বাড়িতে হানা দিয়ে নগদ টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দিল। শনিবার রাতে নদিয়ার হরিনঘাটার সীমহাট এলাকার ওই ঘটনায় এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। উদ্ধার করা যায়নি খোয়া যাওয়া মালপত্রও। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

টাকা সহ ধৃত

নগদ ৯ লক্ষ টাকা নিয়ে যাওয়ার পথে শনিবার সন্ধ্যায় রানাঘাটের সড়কপাড়া থেকে এক ব্যক্তিকে হাতেনাতে ধরল পুলিশ। ধৃত উৎপল বিশ্বাস করিমপুরের বাসিন্দা। একটি প্লাস্টিকের কারখানার কর্মচারী ওই যুবক রানাঘাটের রথতলা এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। রানাঘাটের এসডিপিও আজহার এ তৌসিফ বলেন, “নির্বাচনী আদর্শ আচরণবিধি দেখভালের দায়িত্বে থাকা আধিকারিকরা তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দেন।”

অগ্নিদগ্ধ তিন

ফরাক্কায় এনটিপিসি মোড়ে একটি হোটেলের রান্নাঘরে গ্যাসের সিলিন্ডার ফেটে অগ্নিদগ্ধ হয়েছেন তিন জন। রবিবার সকালের ওই ঘটনায় দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় মালদহ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

প্রচারের ফাঁকে ভাইচুং ভুটিয়া ও মহুয়া মৈত্র। রবিবার ধুলিয়ানে তোলা নিজস্ব চিত্র।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy