Advertisement
E-Paper

নিজের সার্ভিস রিভলবার থেকে সহকর্মীকে গুলি! কাঠগড়ায় পুলিশের সাব-ইনস্পেক্টর, দার্জিলিঙের ঘটনায় শুরু বিভাগীয় তদন্তে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত সাব-ইনস্পেক্টরের নাম বিনোদ তামাং। তিনি দার্জিলিঙের ডালি পুলিশ লাইন সদর দফতরে কর্মরত। ওই পুলিশ লাইনে তাঁর সঙ্গে বিবাদে জড়ান সহকারী সাব-ইনস্পেক্টর উমেশ ছেত্রী।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ২৩:৪২
A Policeman accused of shooting another policeman in Darjeeling, arrested

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

নিজের সার্ভিস রিভলবার থেকে সহকর্মীকে গুলি করার অভিযোগ উঠল এক পুলিশকর্মীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দার্জিলিঙে। আহত এবং অভিযুক্ত দুই পুলিশকর্মীই দার্জিলিং সদর পুলিশ লাইনে কর্মরত। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ব্যক্তিগত বিবাদের জেরে ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত সাব-ইনস্পেক্টর বিনোদ তামাং। তিনি দার্জিলিঙের ডালি পুলিশ লাইন সদর দফতরে কর্মরত। ওই পুলিশ লাইনে তাঁর সঙ্গে বিবাদে জড়ান সহকারী সাব-ইনস্পেক্টর উমেশ ছেত্রী। ব্যক্তিগত কোনও কারণ নিয়ে বচসা হয় দু’জনের। অভিযোগ, বচসার মাঝে আচমকা উমেশ নিজের সার্ভিস রিভলবার থেকে বিনোদকে লক্ষ্য করে গুলি চালান। গুলি লাগে বিনোদের পায়ে। গুলির শব্দে ঘটনাস্থলে পৌঁছোন অন্য পুলিশকর্মীরা।

রক্তাক্ত অবস্থায় বিনোদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থার উপর কড়া নজর রাখছেন চিকিৎসকেরা। কী ঘটেছিল, তা খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ধৃতকে দার্জিলিং জেলা আদালতে হাজির করানো হয়। তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

ঘটনা প্রসঙ্গে দার্জিলিঙের পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখারিয়া বলেন, ‘‘আপাতত আকস্মিক গুলি চালানোর ঘটনা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। ঘটনার সময় গুলি ছুটে গিয়ে ওই অফিসারের পায়ে লাগে।’’ পুলিশ সুপার জানান, আহত বিনোদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

Darjeeling arrest
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy