বামনেতা তথা রাজ্যের প্রাক্তন পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী অশোক ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে পৌঁছোলেন বিধায়ক শঙ্কর ঘোষ। ফোন করে তাঁর খবর নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার রাতে নিজের বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছেন অশোক। অতীতে বাম রাজনীতিতে যখন ছিলেন শঙ্কর, তখন অশোকই ছিলেন তাঁর ‘গুরু’।
শনিবার রাতে অশোককে শিলিগুড়ির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ মাথায় ক্ষতের জায়গায় ছ’টি সেলাই পড়ে। তাঁর সিটি স্ক্যান করা হয়। এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। সেই খবর পেয়ে রবিবার সকালে শিলিগুড়ি নেমেই হাসপাতালে ছোটেন একদা তাঁর ‘শিষ্য’ তথা রাজ্যের মন্ত্রী শঙ্কর। অশোকের শরীরের খবর নেন। হাসপাতালের শয্যায় শুয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে ফোনে কথা বলেন অশোক। মুখ্যমন্ত্রী জুন মাসের ১৬ বা ১৭ তারিখ শিলিগুড়ি যাবেন। সেখান থেকে কার্শিয়াং যাবেন। সূত্রের খবর, সেই সফর নিয়ে অশোকের সঙ্গে বিস্তারিত কথা বলেন তিনি।
সূত্রের খবর, অশোক ফোনে মুখ্যমন্ত্রীকে জানান, শনিবার একটা বিষয় নিয়ে লিখছিলেন। সেই সময়ে হঠাৎ মাথা ঘুরে তিনি পড়ে যান। মুখ্যমন্ত্রী তাঁকে নিজের খেয়াল রাখতে বলেন। জানান, উত্তরবঙ্গে গেলে দেখা হবে। অশোক তাঁকে অভিনন্দন জানান বলে খবর৷ এর পরে শুভেন্দু বাবা শিশির অধিকারীর কথাও বলেন।
আরও পড়ুন:
হাসপাতাল থেকে বেরিয়ে মন্ত্রী শঙ্কর বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তাঁর সঙ্গে দেখা করতে এসেছি। মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি ফোনে কথা বললেন৷ মুখ্যমন্ত্রীর পরিবারের সঙ্গে তাঁর অনেক দিনের পরিচয়। মুখ্যমন্ত্রীর বাবা শিশির অধিকারী মহাশয়ের সঙ্গে তাঁর অনেক দিনের সম্পর্ক। মুখ্যমন্ত্রী যেমন তাঁর খোঁজ নিলেন, আবার অশোকবাবুও তাঁর বাবা শিশির অধিকারীর খোঁজ নিলেন।’’