Advertisement
E-Paper

শুভমন পরিষ্কার এলবিডব্লিউ, পন্থের স্পষ্ট খোঁচা! রিভিউ নিল না আফগানিস্তান, চার বার বাঁচলেন ভারতীয় ব্যাটারেরা

মুল্লানপুরে ভারতের প্রথম ইনিংসে চার বার রিভিউ নিতে ভুল করল আফগানিস্তান। তার সুবিধা তুলল ভারত। আফগানদের বিরুদ্ধে বড় রান করল তারা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ১৫:৩৯
cricket

ডিআরএস নিলে পরিষ্কার আউট হতেন শুভমন গিল। ছবি: ভিডিয়ো থেকে।

আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৬৪ রান করে ডিক্লেয়ার করেছে ভারত। শতরান করেছেন লোকেশ রাহুল ও শুভমন গিল। ৮১ রান ঋষভ পন্থের। কিন্তু এত রান হয়তো করতে পারত না ভারত। আফগানিস্তানের ভুলের সুযোগ নিয়েছে তারা। মুল্লানপুরে ভারতের প্রথম ইনিংসে চার বার রিভিউ নিতে ভুল করেছে আফগানিস্তান। তার খেসারত দিতে হচ্ছে তাদের।

প্রথম দিনের পর দ্বিতীয় দিনও দু’টি ভুল করে আফগানিস্তান। পর পর দু’বলে ঘটে সেই ঘটনা। ৮৯তম ওভারে বল করছিলেন আজ়মাতুল্লা ওমরজাই। ব্যাট করছিলেন শুভমন। একটি বল তাঁর প্যাডে লাগে। আবেদন করেন আফগান ক্রিকেটারেরা। আম্পায়ার আউট দেননি। আফগানিস্তানের অধিনায়ক হাসমাতুল্লা শাহিদি উইকেটরক্ষক আফসর জ়াজ়াইকে জিজ্ঞাসা করেন, রিভিউ নেবেন কি না।

শুভমনের প্যাডে দু’বার বল লেগেছিল। সামনের পায়ে লাগার পর পিছনের পায়ে লাগে। দৌড়ে এক রানও নেন তিনি। প্যাডে দু’বার বল লাগায় সম্ভবত ধোঁয়াশায় পড়েন জ়াজ়াই। তাঁর মনে হয় বল লেগ স্টাম্পের বাইরে যেত। তাই রিভিউ নিতে নিষেধ করেন তিনি। পরে রিপ্লেতে দেখা যায়, বল গিয়ে অফ ও লেগ স্টাম্পে লাগছিল। অর্থাৎ, রিভিউ নিলে শুভমন আউট হতেন। তখন ১০৮ রানে খেলছিলেন শুভমন। তিনি করেন ১২৬ রান।

পরের বলেই পন্থের উইকেট পেতে পারতেন ওমরজাই। তাঁর বল পন্থের ব্যাট ঘেঁষে উইকেটরক্ষকের কাছে যায়। আবার আউটের আবেদন করেন আফগান ক্রিকেটারেরা। আম্পায়ার আউট দেননি। সকলকে অবাক করে দিয়ে আবার রিভিউ নেননি শাহিদি। পরে দেখা যায়, পন্থ খোঁচা মেরেছিলেন। সেই সময় ৬৩ রানে খেলছিলেন তিনি। পন্থ করেন ৮১ রান। পর পর দু’বার এই ভুল সিদ্ধান্ত মানতে পারেননি রহমানুল্লা গুরবাজ়। তিনি প্রকাশ্যে অধিনাককে প্রশ্ন করেন, কেন তিনি রিভিউ নিলেন না।

প্রথম দিন শাহিদির ভুলে দু’বার বাঁচেন লোকেশ রাহুল। ভারতীয় ইনিংসের ১১তম ওভারে জ়িয়াউর রহমান শরিফির অফস্টাম্পের বাইরের বল রাহুলের ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটরক্ষক জ়াজ়াইয়ের কাছে। তিনি ক্যাচ ধরার পর আউটের আবেদন করেন আফগান ক্রিকেটারেরা। কিন্তু আম্পায়ার আউট দেননি। রাহুলও এমন ভাব করেন, যেন বল তাঁর ব্যাটে লাগেনি। প্রথম স্লিপে ফিল্ডিং করা গুরবাজ় অবশ্য ডিআরএস নেওয়ার কথা বলেন অধিনায়ক হাসম শাহিদিকে। কিন্তু আফগানিস্তানের অন্য ক্রিকেটারেরা তেমন আত্মবিশ্বাসী না থাকায় রিভিউ নেননি শাহিদি। ফলে বেঁচে যান রাহুল। পরে রিপ্লেতে দেখা যায় ভারতীয় ওপেনার পরিষ্কার আউট ছিলেন। তখন ৮ রানে খেলছিলেন তিনি। পরে ১৬তম ওভারেও রাহুলের বিরুদ্ধে এলবিডব্লিউয়ের আবেদন করেননি আফগান ক্রিকেটারেরা। এ ক্ষেত্রেও আউট হতে পারতেন তিনি। সেই রাহুল করেন ১০০ রান।

Shubman Gill Rishabh Pant KL Rahul India Cricket India vs Afghanistan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy