পরনে খাটো করে পরা লুঙি। আদুর গা। বাঁধা কাপড়ের ছেঁড়া অংশ পাকিয়ে দড়ির মতো করে কোমরে বাঁধা। ওই ভাবে সামনে এবং পিছনে সেটি টানছেন কয়েক জন। যাঁকে টানা হচ্ছে, তিনি তৃণমূলের এক নেতা। তাঁর মাথার একাংশ কামানো। গলায় ছেঁড়া এবং পুরনো জুতোর মালা। একশো দিনের কাজে দুর্নীতিতে অভিযুক্ত নেতাকে এ ভাবেই পাড়াময় ঘোরালেন এলাকাবাসী। ঘটনাস্থল হাওড়ার শ্যামপুর।
শ্যামপুরের আমরদহ এলাকার বাসিন্দা সন্ন্যাসী মান্না দীর্ঘ দিন ধরে তৃণমূল করেন। এলাকাবাসীর অভিযোগ, একশো দিনের কাজের প্রকল্প থেকে দেদার অর্থ সরিয়েছেন তিনি। দীর্ঘ দিন তাঁর বিরুদ্ধে পুঞ্জিত অসন্তোষ এবং ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে রবিবার। গ্রামবাসীরা একজোট হয়ে ওই তৃণমূল নেতাকে প্রথমে ঘিরে ধরেন। স্লোগান দিতে দিতে একটি পর্যায়ে গায়েও হাত তোলা হয় অভিযুক্ত তৃণমূল নেতার। তার পর ক্ষুর দিয়ে তাঁর মাথার একটি অংশ কামিয়ে দেওয়া হয়। গলায় জুতোর মালা পরিয়ে কোমরে কাপড় বেঁধে গোটা এলাকা ঘোরানো হতে থাকে। উত্তেজিত জনতার অভিযোগ, গরিব মানুষের হকের টাকা আত্মসাৎ করেছেন তিনি।
আরও পড়ুন:
এই খবর পৌঁছোতেই ঘটনাস্থলে যায় শ্যামপুর থানার পুলিশ বাহিনি। বাসিন্দাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় তাদের। শেষমেশ সন্ন্যাসী মান্নাকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই নেতার বিরুদ্ধে থানায় কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে বিষয়টি নিয়ে খোঁজখবর করা হচ্ছে।