কোচবিহারের এক বিজেপি কর্মীর উপর হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রবিবার রাত ৯টায় কোচবিহার ১ নম্বর ব্লকের চান্দামারী গ্রাম পঞ্চায়েতের পূর্বভোগ ডাবরি এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযোগ, শাসক দলের হামলায় দু’জন বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁদের কোচবিহার মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে।
বিজেপির জেলা সাধারণ সম্পাদক মিনতি ঈশরের অভিযোগ, ১৪ নম্বর মণ্ডলের বিজেপি কর্মীদের নিয়ে পূর্বভোগ ডাবরি এলাকায় বিজেপির একটি বৈঠক ছিল। বৈঠক শেষে বেশ কয়েক জন বিজেপি কর্মী বাজারে গেলে তৃণমূলের গুন্ডাবাহিনী অতর্কিতে তাঁদের উপর হামলা চালায়। সেই হামলায় বিজেপির ১৪ নম্বর মণ্ডলের কোষাধ্যক্ষ সুকুমার সরকার এবং চান্দামারী অঞ্চলের ১৮২ নম্বর বুথের সভাপতি সুভাষ সরকার গুরুতর আহত হন।
এই অভিযোগ উড়িয়ে দিয়েছে জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। তিনি বলেন, ‘‘বিজেপি যে অভিযোগ করছে, তার সম্পূর্ণ ভিত্তিহীন। সামনে পঞ্চায়েত নির্বাচন। প্রচারের আলোয় আসতেই এই ধরনের মিথ্যে অভিযোগ করা হচ্ছে।’’