একটি মন্দিরে উদ্যাপন করা জন্মাষ্টামী উৎসবে বেলুন থেকে ছড়িয়ে পরা অভ্র চোখে ঢুকে গিয়ে অসুস্থ হয়ে পরেন প্রায় ২ শতাধিক পুরুষ-মহিলা। চিকিৎসকদের বক্তব্য, রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি অভ্র চোখে যাওয়ায় তাঁদের চোখে সংক্রমণ দেখা দিয়েছে। রবিবার সকালে ধুবুরি শহরের তিন নম্বর বালুরচর এলাকার সীতারাম ঠাকুর বাড়ি মন্দিরের ঘটনা। শনিবার রাতে ধুবুরি তিন নম্বর বালুরচর সর্বজনীন দুর্গা পূজা কমিটির উদ্যোগে ওই এলাকার সীতারাম ঠাকুর বাড়ি মন্দিরে জন্মাষ্টমী উৎসব পালন করা হয়। মন্ডপ সাজানোর জন্য বেশ কিছু বেলুনের ভেতর ভরে দেওয়া হয় অভ্র। শনিবার রাত ১২ টা নাগাদ শ্রীকৃষ্ণের জন্ম মুহূর্ত ষোষণার পরেই ওই ভক্তরা বেলুন ফাটিয়ে ফুল ছিটিয়ে শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করেন। এর পরেই শ্রীকৃষ্ণের আরাধনা হয়। চলে নাচ গান। শনিবার রাত আড়াইটে পর্যন্ত উৎসবের পরে ভক্তরা বাড়ি ফেরেন। রবিবার সকাল থেকেই ভক্তদের চোখ চুলকতে শুরু করে। ভয়ানক যন্ত্রণা, চোখ দিয়ে জল পরার পাশাপশি চোখ লাল হতে শুরু করে। উদ্যোক্তারা ধুবুরি জেলাশাসককে খবর দেওয়ায় তাঁর নির্দেশে যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা সুশীল দাসের নেতৃত্বে সদর হাসপাতালের মোট চার জন চক্ষু রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের দল প্রয়োজনীয় ওষুধ নিয়ে ওই এলাকায় ছুটে গিয়ে রোগীদের চিকিৎসা শুরু করেন। প্রায় ৪ ঘণ্টা ধরে চলে রোগীদের চিকিৎসা। সুশীলবাবু বলেন, “রেটিনায় সংক্রমণ ধরে গেলে দৃষ্টি শক্তি হারিয়ে ফেলার সম্ভাবনা ছিল। তবে এখন ভয়ের কিছু নেই।’’