Advertisement
E-Paper

টুকরো খবর

কিডনি পাচারে বাধা দেওয়ায় স্ত্রীকে গণধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগে স্বামী, ২ দেওর সহ চার জনকে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার রাতে মালদহের চাঁচল থানায় ওই ব্যাপারে নির্যাতিতা বধূ অভিযোগ দায়ের করেন। অভিযোগকারিণীর দাবি, ৩ খুড়শ্বশুর ও তাঁর ছোট বোন তথা স্বামীর দ্বিতীয় পক্ষের স্ত্রীও ওই ঘটনায় মদত দিয়েছেন। পুলিশ অভিযোগকারিণীর ডাক্তারি পরীক্ষা করায়।

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৪ ০২:৪৫

গণধর্ষণের নালিশ, ধৃত ৪

নিজস্ব সংবাদদাতা • চাঁচল

কিডনি পাচারে বাধা দেওয়ায় স্ত্রীকে গণধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগে স্বামী, ২ দেওর সহ চার জনকে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার রাতে মালদহের চাঁচল থানায় ওই ব্যাপারে নির্যাতিতা বধূ অভিযোগ দায়ের করেন। অভিযোগকারিণীর দাবি, ৩ খুড়শ্বশুর ও তাঁর ছোট বোন তথা স্বামীর দ্বিতীয় পক্ষের স্ত্রীও ওই ঘটনায় মদত দিয়েছেন। পুলিশ অভিযোগকারিণীর ডাক্তারি পরীক্ষা করায়। আদালতে হাজির করালে ধৃতদের ২ দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। তবে ওই বধূ পরে আদালতে গিয়ে আইনজীবীর মারফৎ অভিযোগ প্রত্যাহারের চেষ্টা করেন। চাঁচলের এসডিপিও পিনাকী রঞ্জন দাস বলেন, “গণধর্ষনের অভিযোগে মামলা চালু হওয়ার পরে তা তুলে নেব বলেই তা করা যায় না।” অভিযোগকারী বধূর আইনজীবী চিন্ময় মিশ্র বলেন, “বধূ অভিযোগের বয়ান সম্পর্কে কিছু জানতেন না।” অভিযুক্ত পক্ষের আইনজীবী খাইরুল আলমের দাবি, “গোটা অভিযোগেই পরস্পরবিরোধিতা রয়েছে।”

আজ মালদহে আসছেন মমতা

নিজস্ব সংবাদদাতা • মালদহ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদে ১১ টি জনসভা করবেন। পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আজ, মঙ্গলবার হেলিকপ্টারে কলকাতা থেকে মালদহে মুখ্যমন্ত্রী আসবেন। রাতে মালদহে থাকবেন। ১৬ এপ্রিল মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে দক্ষিন দিনাজপুরে বালুরঘাট, কুমারগঞ্জ ও গঙ্গারামপুর তিনটি জনসভা করে মালদহে ফিরে আসবেন। ১৭ এপ্রিল মুখ্যমন্ত্রী উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের হবিবপুর, মালতিপুর ও হরিশ্চন্দ্রপুরে তিনটি সভা করবেন। রাতে মালদহ থাকার পর ১৮ এপ্রিল মুখ্যমন্ত্রী ফরাক্কা ও বীরভূমে একটি সভা করে হেলিকপ্টারে মালদহে ফিরে আসবেন। ১৯ এপ্রিল মুখ্যমন্ত্রী উত্তর দিনাজপুরের গোয়ালপোখর, রায়গঞ্জ ও মালদহের ইংরেজবাজারে জনসভা করবেন। পরেরদিন মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ যাবেন। মালদহ রেঞ্জের ডিআইজি সত্যজিৎ বন্দোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রী ১৫ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত মালদহে থাকবেন।

প্রচারে চিকিৎসক, অভিযোগ

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

শিলিগুড়ি জেলা হাসপাতালের চিকিৎসক সুবল দত্তের বিরুদ্ধে রাজনৈতিক দলের প্রচার সভায় যোগ দেওয়ার অভিযোগ উঠেছে। তৃণমূলের তরফে জেলার রিটার্নিং অফিসার, মহকুমাশাসক, নির্বাচনী আধিকারিকের দফতরে চিকিৎসক সুবলবাবুর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। মহকুমাশাসক দীপাপ প্রিয়া বলেন, “মূল অভিযোগ জেলার রিটার্নিং অফিসারের কাছে করা হয়েছে। আমার দফতরে তার প্রতিলিপি পাঠানো হয়েছে। রিটার্নিং অফিসারের মডেল কোড অব কনডাক্ট (এমসিসি) সেলের তরফেই বিস্তারিত দেখা হবে।” দিন কয়েক আগে ১০ নম্বর ওয়ার্ডে সিপিএমের প্রচার সভায় তাঁকে দেখা গিয়েছে বলে অভিযোগ। ওই চিকিৎসক সুবল দত্ত অবশ্য বলেন, “কেন হইচই হচ্ছে বুঝতে পারছি না। তৃণমূলের শিবির হলেও তো আমি যাই।” তবে ওই দিন তো কোনও স্বাস্থ্য শিবির ছিল না। তা হলে তিনি গিয়েছিলেন কেন? জবাবে সুবলবাবু বলেন, “ওই এলাকায় আমার বাড়ি। সেখানে নাগরিক কমিটির মিটিং রয়েছে বলে আমাকে ডাকা হয়েছিল।” তৃণমূলের অভিযোগ, ওই সভায় সিপিএমের প্রার্থীর হয়ে প্রচার হয়েছে। তৃণমূলের আইনজীবী সেলের নেতা পীযূষ ঘোষ বলেন, “ব্যবস্থা না-নেওয়া হলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানানো হবে।” হাসপাতালের সুপার সঞ্জীব মজুমদার বলেন, “কী নিয়ম রয়েছে বিস্তারিত খতিয়ে দেখা হবে।”

কংগ্রেস অফিস পোড়ানোর অভিযোগ

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

শিলিগুড়ির প্রধাননগরের বাঘা যতীন কলোনীতে কংগ্রেসের একটি বুথ অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল। দার্জিলিঙের কংগ্রেস প্রার্থী সুজয় ঘটক নিজে প্রধাননগর থানা ও নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে। নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে অভিযোগ নথিবদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে। রবিবার রাতে প্রধাননগরের বাঘা যতীন কলোনিতে তৈরি করা কংগ্রেসের একটি বুথ অফিসে কেউ বা কারা আগুন লাগিয়ে দেয়। তাতে সুজয়বাবুর ছবি লাগানো ছিল। সুজয়বাবু বলেন, “এই এলাকা কংগ্রেসের একটা বড় শক্তি রয়েছে। রাতের অন্ধকারে ভয়ের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে বিরোধীরা।” তবে কারও নাম করে অভিযোগ করেননি তিনি। শিলিগুড়ির দায়িত্বপ্রাপ্ত এমসিসি সেলের ওসি বিক্রম রায় বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

বিমানের সমালোচনা

নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ

মমতা বন্দ্যোপাধ্যায় সমাজবিরোধীদের প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ তুললেন রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু। সোমবার সকালে রায়গঞ্জে সিপিএমের উত্তর দিনাজপুর জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে ওই অভিযোগ তোলেন বিমানবাবু। বৈঠকে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নাম না করে তিনি এদিন বলেন, “পুলিশকে বোমা মারতে নির্দেশ দেওয়ার ঘটনায় অভিযুক্ত এক তৃণমূল নেতাকে নিয়ে মুখ্যমন্ত্রী নির্বাচনী জনসভা করছেন। তাঁর পাশে খুনে অভিযুক্ত বিধায়ককেও দেখা যায়। এই ঘটনার জেরেই বোঝা যায় এই রাজ্যের আইন শৃঙ্খলার কী পরিস্থিতি হয়েছে। মুখ্যমন্ত্রী লোকসভা ভোটে জেতার জন্য রাজ্য জুড়েই সমাজবিরোধীদের প্রশ্রয় দিচ্ছেন।”

প্রয়াত প্রাক্তন দুই বিধায়ক

লোকসভা ভোটের প্রস্তুতির মাঝেই মৃত্যু হল আরএসপি-র দুই প্রাক্তন বিধায়কের। দক্ষিণ দিনাজপুরে ভোটের জন সাংগঠনিক ব্যস্ততার মধ্যেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তপনের প্রাক্তন বিধায়ক খাড়া সোরেনের (৬৩)। এলাকার আদিবাসী মহলে তাঁর প্রভাব ছিল যথেষ্ট। মারা গিয়েছেন ওই বাম শরিক দলেরই প্রাক্তন বিধায়ক এবং দলের শ্রমিক সংগঠন ইউটিইউসি-র রাজ্য কমিটির সদস্য দেবশরণ ঘোষও (৮৬)। বেলডাঙায় ১৯৬৪ সালে খোদাবক্সের মতো প্রভাবশালী কংগ্রেস নেতাকে হারিয়ে বিধায়ক হয়েছিলেন দেবশরণবাবু। পরে বাম জমানায় আরও চার বার জিতেছিলেন কালীগঞ্জ থেকে। দুই নেতার মৃত্যুতেই সংশ্লিষ্ট এলাকায় সংগঠনের ক্ষতি হল বলে আরএসপি নেতৃত্বের মত।

অসুস্থ পবিত্ররঞ্জন

প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়লেন রায়গঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী পবিত্ররঞ্জন দাশমুন্সি। সোমবার বিকাল ৫টা নাগাদ উত্তর দিনাজপুরের চাকুলিয়া ব্লকের সূর্যাপুর-২ গ্রাম পঞ্চায়েত এলাকায়। এ দিন কর্মীদের সঙ্গে একটি হুডখোলা গাড়িতে এলাকায় রোড-শো করছিলেন তিনি। গাড়ি থেকে নেমে রাস্তার ধারে বমিও করেন। বিহারের কিসানগঞ্জে একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য বলেন, “চিকিৎসকেরা জানান প্রচণ্ড গরম ও টানা পরিশ্রমের পাশাপাশি খাবারের অনিয়মে অসুস্থ হয়ে পড়েছেন তিনি।”

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy