তিনবিঘার সমাবেশে রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিদেশ মন্ত্রীকে আমন্ত্রণ জানাল ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় কমিটি। আগামী ২৬ জুন কুচলিবাড়ির তিনবিঘায় শহিদ স্মরণে সমাবেশ করবে কমিটি। কমিটির আরেকটি শাখা তিনবিঘা সংলগ্ন বাংলাদেশের পানবাড়িতে সভা করবে। তিনবিঘার শহিদ স্মরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে আমন্ত্রণ জানিয়েছেন তাঁরা। ওই মঞ্চ থেকে দুই দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হবে। কমিটির নেতা দীপ্তিমান সেনগুপ্ত বলেন, “সীমান্ত সমস্যা সমাধানে তিনবিঘায় শহিদ হয়েছেন যারা তাঁদের স্মৃতিতে আমরা প্রতি বছর এই সমাবেশ করি। এ বারে সমাবেশ অন্যমাত্রা পেয়েছে। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী, দুই দেশের প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই।”