তৃণমূলের কার্যকরী সভাপতি প্রতিভা সিংহকে ফোন করে রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী ও তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া অভিযোগ উঠেছে ভিন রাজ্যের দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার পরিপেক্ষিতে গত ৫ সেপ্টেম্বর ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতিভাদেবী। বুধবার বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় মালদহ জেলা জুড়ে।
তবে এই বিষয় নিয়ে জেলার পুলিশ প্রশাসনের কর্তারা মুখে কুলুপ এঁটেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু তথ্য মিলেছে। এর পিছনে কারা রয়েছেন তার সন্ধান চালাচ্ছে পুলিশ। পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায়ও ঘটনাটি নিয়ে এড়িয়ে গিয়েছেন। তিনি বলেন, ‘‘আমি কলকাতায় রয়েছি। যা বলার জেলাতে গিয়েই বলব।’’ অবশ্য রাজ্যের উদ্যান পালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, ‘‘আমাকে তাঁরা সর্তকও করেছেন। এর বেশি কিছু আমি বলব না।’’
দলীয় সূত্রে জানা গিয়েছে, গত ৫ সেপ্টেম্বর ইংরেজবাজার পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বালুচরের বাসিন্দা তথা তৃণমূলের জেলা কার্যকরী সভানেত্রী প্রতিভা সিংহকে কেউ বা কারা ফোন করে। ঝাড়খণ্ডের দুষ্কৃতী বলে ফোনে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ দলের কর্মীদের। তাঁদের দাবি, প্রতিভাদেবীকে ফোনে বলা হয় কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী এবং তাঁকে খুন করা হবে। এর পরেই প্রতিভা দেবী ইংরেজবাজার থানায় গিয়ে ওই দিনই লিখিত অভিযোগ দায়ের করেন। মোবাইল ফোনের কথোপকথনের রের্কড এবং ফোন নম্বর পুলিশকে দেওয়া হয়। এর পরেই পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, টেলিফোন ট্যাপ করে ঘটনার তদন্ত শুরু হয়। তবে কার টেলিফোন ট্যাপ করা হয়েছিল সেই বিষয়ে কিছু জানাতে চায়নি পুলিশ। পুলিশ জানতে পারে ভিন রাজ্যের দুষ্কৃতীদেরকে ব্যবহার করে মন্ত্রী কৃষ্ণেন্দুবাবুকে প্রাণে মারার চেষ্টা চলছে। মোটা টাকার বিনিময়ে ‘সুপারি কিলার’ ভাড়া করে মন্ত্রীকে মারার পরিকল্পনা চলছিল বলে জানা গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
এই বিষয়টি প্রকাশ্যে আসতেই মন্ত্রী কৃষ্ণেন্দু বাবুকে সর্তক থাকতে বলা হয়েছে পুলিশের তরফ থেকে। এদিন এই বিষয়টি প্রকাশ্যে আসার পরই জেলা জুড়ে হইচই পড়ে। এমনকী ইংরেজবাজার শহরের বিভিন্ন মোড়ে মন্ত্রী কৃষ্ণেন্দুবাবুর হুমকির বিষয় নিয়ে চর্চা শুরু হয়ে যায় সাধারণ মানুষের মধ্যে। তৃণমূলের কার্যকরী সভানেত্রী প্রতিভা সিংহ অভিযোগের বিষয়টি নিয়ে স্পষ্ট করে কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ‘‘হুমকি দিয়ে একটি ফোন এসেছিল। আমি থানাতে অভিযোগ করেছি। এরপর যা বলার পুলিশ বলবে।’’ এ দিকে, তৃণমূলের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, ‘‘ঘটনাটি নিয়ে দলের নেত্রী প্রতিভার সঙ্গে এ দিনই আমি কথা বলেছি। আমি সাংগঠনিক প্রচারের জন্য হবিবপুরে গিয়েছে। শহরে গিয়ে এই বিষয় নিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু বাবু এবং প্রতিভা দেবীর সঙ্গে কথা বলব।’’
গরু আটক। অবৈধ ভাবে নদী সীমানা পেরিয়ে বাংলাদেশে পাচার করতে নিয়ে যাওয়া ১৯০টি দেশি গরু আটক করেছে বিএসএফ। (ধুবুরি জেলা থেকে আলাদা হওয়া) নবগঠিত দক্ষিণ শালমারা-মানকাচর জেলার সোমবার বিকেলে শুখচর থানার বাংলাদেশ সীমানা লাগোয়া হাতিচর গ্রামে সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে। বিএসএফ সূত্রে জানানো হয়েছে, কয়েক জন পাচারকারী বেশ কয়েকটি গরু নিয়ে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে বাংলাদেশ লাগোয়া ওই গ্রামে নিয়ে যায়। খবর পেয়ে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা ওই গ্রামে হানা দিলে, বিএসএফ জওয়ানদের দেখে পাচারকারীরা পালিয়ে যায় যদিও ১৯০টি গরু আটক করেছে বিএসএফ জওয়ানরা। গরুগুলি বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে ওই গ্রামে জড়ো করা হয়েছিল বলে বিএসএফের দাবি।