Advertisement
E-Paper

বিএসএনএলের পরিষেবায় ক্ষোভ

বর্ষা এবং বন্যা পরিস্থিতি মোকাবিলা নিয়ে আগাম ব্যবস্থা নিতে মহকুমাশাসক বৈঠক ডেকেছিলেন। ওই বৈঠকেই ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)-এর মোবাইল পরিষেবা নিয়ে প্রশ্ন তুললেন বিভিন্ন ব্লকের বিডিও, সরকারি আধিকারিকদের অনেকেই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০১৫ ০২:২০

বর্ষা এবং বন্যা পরিস্থিতি মোকাবিলা নিয়ে আগাম ব্যবস্থা নিতে মহকুমাশাসক বৈঠক ডেকেছিলেন। ওই বৈঠকেই ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)-এর মোবাইল পরিষেবা নিয়ে প্রশ্ন তুললেন বিভিন্ন ব্লকের বিডিও, সরকারি আধিকারিকদের অনেকেই। তাঁদের অভিযোগ, ব্লক উন্নয়ন আধিকারিকের অফিস, দমকল, পুলিশ-প্রশাসন, সেচ দফতর-সহ বিভিন্ন সরকারি অফিসের ল্যান্ড লাইন ফোন এবং কর্মী-আধিকারিকদের দফতরের তরফে যে মোবাইল ফোন ব্যবহারের সুয়োগ মেলে তা বিএসএনএল-এর পরিষেবা। অথচ পরিষেবার মান খুব খারাপ হওয়ায় সকলকেই দুর্ভোগ পোহাতে হয়। বড় কোনও প্রাকৃতিক বিপর্যয়ের সময় তো বটেই, সেই সঙ্গে সামান্য ঝড় বৃষ্টি হলেও পরিষেবা অচল হয়ে পড়ে। অনেক এলাকায় পরিষেবা দীর্ঘ সময় ধরে ব্যাহত হয়ে পড়ে থাকলেও কেউ গুরুত্ব দেন না। বারবার অভিযোগ জানানোর পরেও কেন পরিষেবার মান বৃদ্ধির দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না তা নিয়েই ওই আধিকারিকরা প্রশ্ন তোলেন। আধিকারিকদের কয়েক জনের ক্ষোভ, প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে পরিষেবার মান উন্নত করতেই হবে। বিশেষ করে ঝড় বৃষ্টি হলে বিএসএনএলের পরিষেবার কয়েক দিন ধরে অকেজো হয়ে পড়ে। তাতে দফতরগুলির ফোন, ফ্যাক্স কাজ না করলে বিস্তার সমস্যা হয়। এক দফতরের সঙ্গে অন্য দফতরের যোগাযোগ করা যায় না।

বিএসএনএল-এর শিলিগুড়ি টেলিকম ডিস্ট্রিক্টের জেনারেল ম্যানেজার অরুময় ডাকুয়া বলেন, ‘‘ঝড়, বৃষ্টি বা ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয় হলে সমস্ত টেলিফোন পরিষেবাই সাময়িক ভাবে ব্যাহত হয়। দ্রুত পরিষেবা চালু করার ব্যাপারে সব সময় তৎপর থাকি। তবে অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হবে।’’ এ দিন বৈঠকে বিডিও-রা ছাড়া, শিলিগুড়ি পুর কমিশনার, বিভিন্ন ব্লকের স্বাস্থ্য আধিকারিক, মহকুমা কৃষি আধিকারিক, সেচ দফতর, পূর্ত দফতরের ইঞ্জিনিয়ররা, খাদ্য সরবরাহ দফতর, বিদ্যুৎ বণ্টন কোম্পানি, পুলিশ, দমকলের কর্তারা ছিলেন। বিএসএনএল-এর পরিষেবা নিয়ে প্রশ্ন তোলেন তাঁদের অনেকেই। মহকুমাশাসক দীপাপ প্রিয়া বলেন, ‘‘সমস্ত দিক থেকে পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি থাকতে বলা হয়েছে।’’ এ দিন থেকেই মহকুমাশাসকের দফতরে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম খোলা রাখা হচ্ছে। কন্ট্রোল রুমের ফোন নম্বর ২৪৩০৮০০।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy