Advertisement
E-Paper

‘ঋতুস্রাব কোনও অজুহাত নয়’, মন্তব্যের জেরে কটাক্ষের শিকার শ্রীলীলা! অভিনেত্রীর নিশানায় কি আয়শা?

একটি মন্তব্য ঘিরে সমালোচিত হচ্ছেন শ্রীলীলা। অনেকেই মনে করছেন, তাঁর মন্তব্যের নিশানায় ‘ধুরন্ধর’-খ্যাত আয়শা খান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ২১:২৫
Sreeleela’s comment on period has created controversy

শ্রীলীলার ‘ঋতুস্রাবের’ মন্তব্যের নিশানায় আয়শা খান? ছবি: সংগৃহীত।

বিপাকে শ্রীলীলা! সম্প্রতি এক অনুষ্ঠানে ঋতুস্রাব নিয়ে মন্তব্য করেছেন দক্ষিণী অভিনেত্রী। সেই মন্তব্য ঘিরেই সমালোচিত হচ্ছেন তিনি। অনেকেই মনে করছেন, শ্রীলীলার মন্তব্যের নিশানায় ‘ধুরন্ধর’-খ্যাত আয়শা খান।

শ্রীলীলার মতে, কাজের জায়গায় ঋতুস্রাব কোনও অজুহাত হতে পারে না। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘উস্তাদ ভগৎ সিংহ’। সেই ছবির সাফল্য উদ্‌যাপনের অনুষ্ঠানে এসে শ্রীলীলা বলেন, “সব ক’টি গানে আমি প্রশংসা পেয়েছি। এই গানগুলির শুটিং হয়েছিল যখন, তখন আমার ঋতুস্রাব চলছে। তাই এটা কোনও অজুহাত হতেই পারে না। আমরা মহিলারা নিজেদের ক্ষমতা চাই। আমরা সমানাধিকার চাই। শারীরিক বাধাগুলোও তাই পার করতে হবে। শারীরিক, মানসিক কোনও বিষয়ই অজুহাত হতে পারে না।”

এই মন্তব্য ছড়িয়ে পড়তেই কটাক্ষের মুখে শ্রীলীলা। অভিনয়ের পাশাপাশি শ্রীলীলা পেশায় চিকিৎসক। তাই তাঁর দিকে নিন্দকদের কটাক্ষ, “কী ভাবে এক জন মহিলা ও এক জন চিকিৎসক হয়েও এই মন্তব্য করতে পারেন আপনি? ঋতুস্রাবের সময়ে আপনি সবল থাকেন মানে, সকলেই থাকেন, এটা কী ভাবে ভাবলেন?”

Advertisement

কিছু দিন আগে ঋতুস্রাব নিয়ে মন্তব্য করেছিলেন আয়শা। তাঁকে ‘ধুরন্ধর’ ছবিতে ‘শরারত’ গানে নাচতে দেখা গিয়েছিল। আয়শা জানিয়েছিলেন, ওই গানের শুটিংয়ের সময়ে তাঁর ঋতুস্রাব চলছিল। অভিনেত্রী বলেছিলেন, “প্রচণ্ড চাপ ছিল সেই দিন। আমাদের সারা শরীরের হাড়ে ব্যথা হয়ে গিয়েছিল। ঋতুস্রাবের জন্য আমার শরীরে বাড়তি ক্লান্তি ছিল। সেই সঙ্গে মেজাজও খুব একটা নিয়ন্ত্রণে ছিল না। তাই কাঁদতে শুরু করে দিয়েছিলাম।” আয়শাকে খোঁচা দিতেই শ্রীলীলা এমন মন্তব্য করেছেন বলেও দাবি করেছেন অনেকে।

Sreeleela Ayesha Khan Bollywood Controversy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy