বন্ধ ও অচলাবস্থা চলা চা বাগানগুলি শীঘ্র খুলতে সরাসরি শ্রমমন্ত্রীর সঙ্গে শ্রমিকদের বৈঠকের করাতে উদ্যোগী হলেন তৃণমূলের জেলা সভাপতি। শনিবার আলিপুরদুয়ার জেলার চারটি বন্ধ বাগানে যান তৃণমূল জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী। সেখানে শ্রমিকদের শীতবস্ত্র, চাল, তেল বিলি করেন তিনি। তিনি জানান, আগামী ২৩ ডিসেম্বর উত্তরকন্যায় বন্ধ ও অচলাবস্থা চলা বাগানের শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। এ দিন লঙ্কাপাড়া, তুলসিপাড়া, রেডব্যাঙ্ক ও সুরেন্দ্রনগর চা বাগানে যান সৌরভবাবু। দলীয় সূত্রে জানা গিয়েছে, চার দিন ধরে বাগরাকোট থেকে শুরু করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের বন্ধ ও অচল চা বাগান শ্রমিকদের সমস্যা শুনতে যাচ্ছেন তিনি। তবে তাঁর দাবি, পরিদর্শনের সময় শ্রমিকদের থেকে তিনি জানতে পেরেছেন বাগানে রাজ্য সরকারের তরফে চাল দেওয়া হচ্ছে। অনাহার নেই, কিন্তু পানীয় জল ও ওষুধের সমস্যা রয়েছে।